ই-পেপার

‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান এখন পলাতকদের পরিচিতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ১৫:৫৬
২২ ভিউ
‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই এখন এই স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসার সুযোগ পাবে না।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি বর্তমানে প্রায় সন্ত্রাসী সংগঠনের মতো নিয়ন্ত্রণের পর্যায়ে রয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্য নেতারাও দেশের বাইরে থেকে একই ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে কাজ করছে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য কোথাও কোনো জায়গা নেই। বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সহিংস কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ, কোথাও অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যাচ্ছে।

এসব কর্মকাণ্ডকে ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, এ ধরনের ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত হবে না। সরকার বাংলাদেশকে এমন একটি নতুন রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে কাজ করছে, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশ এমনভাবে গড়ে উঠছে, যা নিয়ে সবাই গর্ব করতে পারবে। এই অগ্রযাত্রায় গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।