ই-পেপার

ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ, বাড়বে বিনিয়োগের সুযোগ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ২২:১৭
২৬ ভিউ
ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ, বাড়বে বিনিয়োগের সুযোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার এ স্বীকৃতির ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর ফলে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে ডিএফসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়ক। বাংলাদেশের নতুন এ যোগ্যতা কাজে লাগিয়ে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দেশের উল্লেখযোগ্য উন্নয়ন চাহিদা পূরণে কাজ করতে পারবে ডিএফসি।

সংস্থাটির মতে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে বিনিয়োগের ঘাটতি কমানো এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব হবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।

ডিএফসি আরও জানিয়েছে, বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নমূলক অনেক প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে— এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও এ স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।