ই-পেপার

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার বন্ধু শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্য।

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০২
২২ ভিউ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

ঘটনার রাতে তুরাগ নদসংলগ্ন এলাকায় কী ঘটেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে এ হস্তান্তর সম্পন্ন হয়। পিবিআই সূত্র জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে মামলা করার আগ্রহ না থাকায় মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ।

তদন্তের অংশ হিসেবে শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। সেখানে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারসংলগ্ন স্থানে তাকে নিয়ে ঘটনার বিবরণ জানার চেষ্টা করেন কর্মকর্তারা। এ সময় তার দেওয়া তথ্য অনুসরণ করে একটি কালো সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে গাড়িটিতে কোনো নম্বরপ্লেট পাওয়া যায়নি। মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে আটক করে পিবিআই।

জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া বিবরণ অনুযায়ী, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদীর পাশের মাজার বস্তি এলাকায় অবস্থান করছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। দীপ দাবি করেন, ধাওয়াকারীদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরা ছিলেন। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন।

দীপ আরও জানান, ধাওয়ার সময় তিনি বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে আশ্রয় নেন। পরে ওই স্থান ছেড়ে চলে যান।