জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে (ইজিডিআই) তিন ধাপ এগিয়ে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে (ইজিডিআই) তিন ধাপ এগিয়ে বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের প্রতিবেদনে প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে জায়গা পাওয়ার পাশাপাশি দেশের ইতিহাসে সর্বোচ্চ ০ দশমিক ৬৮৯৩ স্কোর অর্জিত হয়েছে। এর আগে ২০২৪ সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নতুন স্কোরের ফলে ‘উচ্চ ইজিডিআই’ শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সূচকটির দুটি গুরুত্বপূর্ণ উপাদানেও এবার সর্বোচ্চ স্কোর পেয়েছে দেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) বাংলাদেশের স্কোর ০ দশমিক ৮১ এবং টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সে (টিআইআই) ০ দশমিক ৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর পরপর ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকের প্রতিবেদন প্রকাশ করে। ২০২৬ সালের জরিপে শীর্ষ অবস্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।
ইজিডিআই মূলত সরকারি সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি দেশের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি পরিমাপ করে। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিনটি উপাদানের গড় হিসাবের ভিত্তিতে সূচকটি নির্ধারণ করা হয়।
এবার বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোরও বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। ২০২৪ সালে এই গড় ছিল ০ দশমিক ৬৩৮২। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। সে হিসাবে বাংলাদেশের ০ দশমিক ৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
জরিপে মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে এবার ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণিতে স্থান পেয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এ ধরনের দেশের সংখ্যা ছিল ১৩৮টি।