ই-পেপার

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে

আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২১:৩৭
১৪ ভিউ
রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৮

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবারের এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভের তিনটি সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং রেল অবকাঠামো। রুশ বাহিনী ৪০০টির বেশি ড্রোনের পাশাপাশি ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার এই তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর ভাষ্য, চলমান যুদ্ধে এটি অন্যতম বড় হামলা। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসী রুশ বাহিনী। হামলায় আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।” অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও রেল স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

কিয়েভে দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতুতে হামলাকে বিশেষভাবে উল্লেখ করেছেন জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সেতুগুলোকে লক্ষ্য করে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার রাতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন বাসিন্দারা।

হামলার পেছনে রাজনৈতিক কারণও দেখছেন জেলেনস্কি। তাঁর অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক ‘দুর্বল’ হওয়া এবং বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পর পুতিন ‘প্রদর্শনমূলক’ভাবে এই হামলার নির্দেশ দিয়েছেন।

জেলেনস্কি আরও জানান, হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। তাঁর দাবি, জরুরি উদ্ধারকাজ ব্যাহত করতে রুশ বাহিনী কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিটি ধাপের মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়, যাতে উদ্ধারকর্মীরা আগুন নেভানো, ধ্বংসস্তূপ সরানো এবং জরুরি পরিষেবা পুনরুদ্ধারের কাজ নির্বিঘ্নে করতে না পারেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি পৃথক এক বার্তায় জানান, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের বাসিন্দা। অন্য দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোর তথ্য অনুযায়ী, হামলায় পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি ও পিভদেনিয়ি—দিনিপ্রো নদীর ওপর অবস্থিত এই তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুগুলো রাজধানীর দুই অংশকে যুক্ত করেছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের গাড়িতে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন তিনি।

যুদ্ধের আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। তাঁদের অধিকাংশের কর্মস্থল ছিল নদীর পশ্চিম তীরে, অর্থাৎ ডান তীরের এলাকায়। রাজধানীর অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা ওই অংশেই অবস্থিত।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সবগুলোই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী।

বিদ্যুৎ অবকাঠামোয় হামলার কারণে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, পানি সরবরাহের একটি স্থাপনায় হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। শহরের চারটি জেলায় পানির চাপ কমে গেছে এবং কয়েকটি ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অন্যদিকে, রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, রুশ হামলায় কয়েকটি এলাকার রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। চার দিনের মধ্যে সেতুটিতে এটি ছিল তৃতীয় হামলা। এতে সেতুটির ক্ষয়ক্ষতিও হয়েছে।

ঘটনার পর চীনের শেনঝেনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেনজুড়ে হামলা শুরু করে রুশ বাহিনী।

কার্চ প্রণালীর ওপর নির্মিত ক্রিমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। কয়েক মাস ধরেই রাশিয়ার সরবরাহ ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে ইউক্রেন।

জেলেনস্কির বক্তব্য, ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা ছিল দেশটির অবকাঠামো, বিশেষ করে সেতুতে রাশিয়ার ধারাবাহিক হামলার পাল্টা জবাব।

সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে