ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে আপাতত কোনো তড়িঘড়ি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে আপাতত কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দ্রুত হামলার জন্য চাপ দিলেও ২০২৭ সালের আগে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। অন্যদিকে, ইরান যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট।
চীন সফর শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে শিগগিরই পূর্ণমাত্রার হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে ২০২৭ সাল শুরু হওয়ার পর চিন্তাভাবনা করবেন বলেও তিনি নিশ্চিত করেছেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করার প্রস্তাব সিনেটে নাকচ হয়েছে। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৮ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশনের আওতায় উত্থাপিত এই প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সিনেট ও প্রতিনিধি পরিষদে এ ধরনের প্রস্তাব বাতিলের ঘটনা এবার নিয়ে চতুর্থবার ঘটল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে মার্কিন নাগরিকদের যুদ্ধবিরোধী মনোভাব অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছিল।