ই-পেপার

ব্রেক্সিটের ক্ষতি পুষিয়ে ইইউর সঙ্গে নতুন সমঝোতা

ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক

আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২১:১৩
১৫ ভিউ
ব্রেক্সিটের ক্ষতি পুষিয়ে ইইউর সঙ্গে নতুন সমঝোতা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে নতুন সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য। ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সহজ করা, কার্বন শুল্কে ছাড় এবং তরুণদের যাতায়াতের সুযোগ বাড়ানোসহ তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।

শুক্রবার সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, নতুন সমঝোতার মধ্য দিয়ে “বহু বছর আগে ভেঙে যাওয়া সেতুগুলো আবারও গড়ে তোলা হবে”। তাঁর ভাষায়, এটি ‘ব্রিটেনের জন্য একটি ভালো চুক্তি’।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, ব্রেক্সিটের পর বিশ্ব পরিস্থিতিতে আসা পরিবর্তন নিয়ে বৈঠকে ‘নিবিড়’ আলোচনা হয়েছে। কোভিড মহামারির রেশ কাটতে না কাটতেই ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “প্রথম দিন থেকেই আমরা একসঙ্গে আছি। সম্পর্কের ক্রমাগত উন্নয়নে আমরা সবসময় কাজ করতে পারি এবং বৃহত্তর স্বার্থে যেকোনো আলোচনার জন্য আমরা সম্পূর্ণ উন্মুক্ত।”

সম্মেলনে বার্নহ্যাম, ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছান। এর আওতায় ব্রিটেন ও ইইউর মধ্যে খাদ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে সীমান্ত তল্লাশি এবং প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা কমানো হবে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের ব্যয়ও কমবে।

দ্বিতীয়ত, দুই পক্ষের নিঃসরণ-বাণিজ্য ব্যবস্থা (ইমিশনস-ট্রেডিং সিস্টেম) একীভূত করা হবে। ফলে ইস্পাতসহ ব্রিটিশ ও ইউরোপীয় পণ্যগুলো পরস্পরের বাজারে সীমান্ত কার্বন শুল্ক থেকে অব্যাহতি পাবে। তৃতীয় সমঝোতাটি তরুণদের যাতায়াত নিয়ে। নতুন কর্মসূচিতে উভয় পক্ষের অনূর্ধ্ব ৩০ বছর বয়সী সর্বোচ্চ এক লাখ তরুণ-তরুণী কাজ, পড়াশোনা কিংবা ভ্রমণের জন্য অপর পক্ষের ভূখণ্ডে তিন বছর পর্যন্ত থাকার সুযোগ পাবেন।

বার্নহ্যামের ধারণা, এসব উদ্যোগ যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ০.৫ শতাংশ অবদান রাখতে পারে। এর আগে তিনি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন ০.৪ শতাংশ। তাঁর মতে, নতুন প্যাকেজের ফলে ব্যয় কমবে, সুপারমার্কেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং তরুণদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

তবে সমঝোতা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে দুই পক্ষের অবস্থান বিপরীত। ব্রাসেলস চায়, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়া ইইউ শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবর্তে ব্রিটিশ শিক্ষার্থীদের সমান দেশীয় ফি দেওয়ার সুযোগ পাক। কিন্তু লন্ডনের আশঙ্কা, এতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইইউ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।

গাড়িশিল্প নিয়েও আলোচনা চলছে। ইইউর প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ নীতিমালায়, বিশেষ করে গাড়ি উৎপাদন খাতে, যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে লন্ডন। চীনা গাড়ি নির্মাতাদের ইউরোপের স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে উৎপাদনে উৎসাহিত করা এবং ভর্তুকি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ নীতি নেওয়া হচ্ছে। তবে ইইউর শর্ত হলো, চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে তাদের নিষেধাজ্ঞামূলক নীতির সঙ্গে যুক্তরাজ্যকে একমত হতে হবে। তাহলেই ব্রিটেনকে এই সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে তারা।

শুক্রবারের সম্মেলনে কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। তবে উভয় দেশেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হবে এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বার্নহ্যাম জানিয়েছেন, ভবিষ্যতে ইইউর শুল্ক ইউনিয়নে যোগ দেওয়া কিংবা জোটটিতে পুনরায় সদস্যপদ নেওয়ার মতো দীর্ঘমেয়াদি বিকল্প নিয়েও তাঁর সরকার আলোচনা শুরু করবে। তবে পুনরায় ইইউতে যোগ দিতে ব্রিটিশ ভোটারদের সমর্থনের পাশাপাশি জোটটির সব সদস্যরাষ্ট্রের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। ফলে নিকট ভবিষ্যতে এমন সম্ভাবনা কম।

নতুন সমঝোতা যুক্তরাজ্যের রাজনীতিতেও বিতর্ক তৈরি করেছে। ক্ষমতাসীন লেবার পার্টির একটি অংশ ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে থাকলেও ব্রেক্সিট বিতর্ক নতুন করে সামনে আসুক, তা চায় না। অন্যদিকে বিরোধী কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের রিফর্ম ইউকে সরকারের উদ্যোগের কঠোর সমালোচনা করেছে। ফারাজের সতর্কবার্তা, এই পদক্ষেপের মধ্য দিয়ে ‘ব্রেক্সিট বিতর্ক আবারও শুরু হয়ে গেল’।

তবে জনমতের চিত্রে ভিন্ন ইঙ্গিত রয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ ব্রিটিশ নাগরিক আগামী পাঁচ বছরের মধ্যে ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে গণভোট আয়োজনকে গ্রহণযোগ্য মনে করেন।

সূত্র: আল জাজিরা।