ইমেইল, বিমান চলাচল, ব্যাংকিং থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইমেইল, বিমান চলাচল, ব্যাংকিং থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন কম্পিউটার—মাত্র পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামোর একের পর এক বিপর্যয় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এসব ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রকাশ্য প্রমাণ না মিললেও কাকতালীয়ভাবে একই সময়ে এতগুলো ব্যবস্থা অচল হয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অনিশ্চয়তা, অপ্রয়োজনীয় একটি যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আগে থেকেই অস্থিরতায় ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও অনিশ্চিত করে তুলেছে। অনলাইন যোগাযোগ, আকাশপথে যাতায়াত ও ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেবায় বিঘ্ন ঘটার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত অতি গোপনীয় কম্পিউটারও অচল হয়ে পড়ে। ফলে প্রশ্ন উঠেছে, এসব ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি আরও বড় কোনো সংকটের ইঙ্গিত।
বিপর্যয়ের ধারাবাহিকতা শুরু হয় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর)। ওই দিন মাইক্রোসফট আউটলুকের একটি আপডেট ক্র্যাশ করায় বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী ইমেইল সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) ক্যাবল আপডেটের চেষ্টা করতে গিয়ে পুরো নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। এর জেরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। টানা ৪ ঘণ্টা ২১ মিনিট বিমান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন ১০ লাখেরও বেশি যাত্রী।
এরপর সোমবার (১৬ নভেম্বর) সফটওয়্যার বাগের কবলে পড়ে চেজ ব্যাংক। মঙ্গলবার (১৭ নভেম্বর) একই ধরনের অচলাবস্থার মুখে পড়ে এনএসএর গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত অতি গোপনীয় কম্পিউটারগুলো। একের পর এক এসব ঘটনা সাধারণ মানুষের পাশাপাশি নীতিনির্ধারকদেরও উদ্বিগ্ন করে তুলেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘মানুষ ভীত, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে।’
তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গোয়েন্দা, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি কর্মসূচির পরিচালক এমিলি হার্ডিং মঙ্গলবার সিএনএনকে বলেন, ‘যেখানে কোনো যোগসূত্র নেই, সেখানেও একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছক খোঁজার প্রবণতা অবশ্যই মানুষের মধ্যে থাকে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘তবে একই সঙ্গে আমি কাকতালীয় ঘটনায় ঠিক বিশ্বাস করি না। আর এখানে একই সময়ে অনেকগুলো ঘটনা একসঙ্গে জমে উঠেছে।’