ই-পেপার

এনভিডিয়ার নেতৃত্বে প্রথম নারী কোলেট ক্রেস

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪৪
২৪ ভিউ
এনভিডিয়ার নেতৃত্বে প্রথম নারী কোলেট ক্রেস

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এ দায়িত্ব পান তিনি। এর মধ্য দিয়ে এনভিডিয়ার ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ নেতৃত্বে এলেন একজন নারী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করে এবং কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দেয়। এনভিডিয়ার বিবৃতি অনুযায়ী, স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত ক্রেস একই সঙ্গে সিইও ও সিএফওর দায়িত্ব সামলাবেন। নেতৃত্বে পরিবর্তন এলেও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং চলমান পণ্য উন্নয়ন পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কোম্পানিটি।

৫৯ বছর বয়সী কোলেট ক্রেসের প্রযুক্তি খাত ও করপোরেট অর্থ ব্যবস্থাপনায় প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানটির সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

মাইক্রোসফটে প্রায় ১৩ বছর দায়িত্ব পালনের সময় প্রতিষ্ঠানটির সার্ভার ও টুলস বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা ছিলেন ক্রেস। পরে সিসকোর অর্থ বিভাগে জ্যেষ্ঠ পদে কাজ করেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

অন্যদিকে, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর টানা ৩৩ বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন জেনসেন হুয়াং। সম্প্রতি লিস হুয়াং নামের এক চীনা গুপ্তচরের সঙ্গে তাঁর গোপন সম্পর্কের অভিযোগ যুক্তরাষ্ট্রে আলোচনার জন্ম দেয়। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

অভিযোগ স্বীকার করে জেনসেন বলেন, ‘আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজের ফলে সে এবং আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত’।

এদিকে, স্থায়ী সিইও নিয়োগের জন্য প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

সূত্র: এপি