ই-পেপার

কোরআন ছুঁয়ে সিনেটর হিসেবে শপথ নেবেন এল-সাইয়েদ

মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ২১:৪৪
৩২ ভিউ
কোরআন ছুঁয়ে সিনেটর হিসেবে শপথ নেবেন এল-সাইয়েদ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। আগামী জানুয়ারিতে তার শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনও চূড়ান্ত করেননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের পছন্দের দুটি কোরআনের কথা জানান এল-সাইয়েদ।

এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও প্রাচীন কোরআনের কপি। কোনটি বেছে নেবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এল-সাইয়েদ বলেন, সম্ভবত কোরআন ছুঁয়েই তিনি শপথ নেবেন। টমাস জেফারসনের কাছে থাকা কোরআনের কপিটি এর আগে কিথ এলিসন কংগ্রেসে শপথ নেওয়ার সময় ব্যবহার করেছিলেন। অন্যদিকে মিশিগানের প্রথম কোরআনটিও অনেক পুরোনো এবং বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। তাই দুটি কপির মধ্য থেকে কোনটি বেছে নেবেন, তা এখনও নিশ্চিত নন তিনি।

গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন তিনি। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে শপথবাক্য পাঠ করাবেন।