ই-পেপার

বাইন্যান্সে ‘অভূতপূর্ব’ সাইবার হামলা: চুরি ৬৩০ কোটি ডলার, নেপথ্যে উত্তর কোরিয়া

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে অভূতপূর্ব সাইবার হামলার

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ২১:০৬
১৬ ভিউ
বাইন্যান্সে ‘অভূতপূর্ব’ সাইবার হামলা: চুরি ৬৩০ কোটি ডলার, নেপথ্যে উত্তর কোরিয়া

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে অভূতপূর্ব সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬.৩ বিলিয়ন (৬৩০ কোটি) মার্কিন ডলারের সম্পদ সরিয়ে নিয়েছে হ্যাকাররা। এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি। যা ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় চুরির ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও জানান, পরিস্থিতি সামাল দিতে বাইন্যান্স সাময়িকভাবে সমস্ত অর্থ জমা ও উত্তোলন বন্ধ রেখেছে। তবে গ্রাহকদের আশ্বস্ত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সব তহবিল নিরাপদ রয়েছে। তাদের নিজস্ব জরুরি তহবিল থেকে শতভাগ ক্ষতিপূরণ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘টিআরএম ল্যাবস’ ও ‘চেই্যানালিসিস’-এর দাবি, এই বিশাল আক্রমণের নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেটর’। প্রতিষ্ঠানটির দাবি, আগের সাইবার হামলার ধরন ও বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তারা এই তথ্য পেয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের আরেক প্রতিষ্ঠান বাইবিট থেকে ১৫০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির ঘটনায়ও এই গোষ্ঠীকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে বাইন্যান্স এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। প্রতিষ্ঠানটির তদন্ত অব্যাহত রয়েছে।

এই অভূতপূর্ব ঘটনার প্রভাবে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের ধস নেমেছে। বিটকয়েন ও ইথেরিয়ামের দাম এক ধাক্কায় প্রায় ৫ থেকে ৬ শতাংশ কমে গেছে এবং বাইন্যান্সের নিজস্ব টোকেন ‘বিএনবি’-র দরপতন হয়েছে প্রায় ১০ শতাংশ পর্যন্ত।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাইবার নিরাপত্তার এই গুরুতর ত্রুটি ডিজিটাল সম্পদের নিরাপত্তা এবং সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর ওপর বিনিয়োগকারীদের আস্থা বড় ধরনের সংকটে ফেলবে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স