ই-পেপার

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর সচল হলো আকাশপথ

যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগব্যবস্থার গুরুতর ত্রুটিতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬
১৮ ভিউ
যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর সচল হলো আকাশপথ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগব্যবস্থার গুরুতর ত্রুটিতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশটির বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন। এ ঘটনায় হাজার হাজার যাত্রী আটকা পড়েন এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বের মুখে পড়ে। স্থানীয় সময় শুক্রবার দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি আকাশপথে চলাচলের ওপর জারি করা দেশব্যাপী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

শন ডাফি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার কারিগরি ত্রুটি পুরোপুরি সারাতে কর্মকর্তারা কাজ করছেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এয়ারলাইনসগুলোর নিয়মিত কার্যক্রমও ধাপে ধাপে পুনরায় চালু হবে বলে সতর্ক করেন তিনি।

সাংবাদিকদের শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর আবারও যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। তাঁর ভাষ্য, পুরোনো হার্ডওয়্যার এবং অতিরিক্ত চাপের মুখে থাকা সুইচ ও রাউটারের কারণেই এই বিপর্যয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের জন্য আইনপ্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিভ্রাটের সঙ্গে ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে। নেটওয়ার্কটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা করে। এ ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সিস্টেম বিভ্রাটের কারণ স্পষ্ট

পরিবহনমন্ত্রী শন ডাফির দাবি, এই বিপর্যয়ের কারণ চিহ্নিত করা গেছে। তাঁর মতে, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাটি অনেক পুরোনো এবং এতে ব্যবহৃত রাউটারগুলোও সেকেলে। এসব সরঞ্জাম জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর টেলিযোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে নজিরবিহীনভাবে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। পুরোনো প্রযুক্তি, সরঞ্জামের ঘাটতি, যোগাযোগের ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এ খাতের ওপর চাপ বাড়ছে। অবকাঠামো আধুনিকায়নে ২০২৫ সালে কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। তবে এই অর্থ যথেষ্ট নয় উল্লেখ করে শুক্রবার আইনপ্রণেতাদের কাছে আরও ৩ হাজার ১০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে এফএএ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সিস্টেমের ত্রুটির কারণে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটও কিছু সময়ের জন্য স্থগিত হয়েছিল।

এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় এফএএ। এর ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা গুরুতর বিলম্বের শিকার হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনো হামলার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আকাশে অবস্থানরত সব উড়োজাহাজ নিরাপদ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, দেশজুড়ে ফ্লাইট চলাচলের ওপর স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তাদের কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।