ই-পেপার

ইতালির ৩০০ স্কুলে বোমা আতঙ্ক, সরানো হলো শিক্ষার্থীরা

ইতালির অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ই-মেইল

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ২৩:০৫
৩৯ ভিউ
ইতালির ৩০০ স্কুলে বোমা আতঙ্ক, সরানো হলো শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইতালির অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ই-মেইল পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১১ নভেম্বর) রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোতে এসব ই-মেইল পাঠানো হয়। বার্তাগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়।

দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হুমকিগুলোকে ভুয়া বলে মনে করা হচ্ছে। এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের বার্তা পাঠানোর কারণে এর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

রোমের একটি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের পাঠানো বার্তায় জানায়, জাতীয় পর্যায়ে বোমা হামলার সতর্কতা জারির পর সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সেখানে শিক্ষক ও কর্মীদের তত্ত্বাবধানে তাদের রাখা হয়েছে।

ঘটনাটি তদন্ত করছে ইতালির পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার করা হয়নি। পাশাপাশি হামলার বাস্তব প্রস্তুতি নেওয়া হয়েছিল, এমন কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।

রয়টার্সের দেখা একটি ই-মেইলে প্রেরকের নাম পাওয়া গেছে ‘মিখাইল আন্দ্রোপভ’। বার্তায় তিনি নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। এর আগে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলেও একই নাম ব্যবহার করা হয়েছিল।

ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে এ ধরনের নিরাপত্তা হুমকি বাড়ছে। এর আগে সুপারমার্কেট, রক্ত সংরক্ষণাগার, বিমান চলাচল এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করেও বিভিন্ন ধরনের হুমকি ও হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স।