অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শে প্রতারণা, জালিয়াতি কিংবা
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শে প্রতারণা, জালিয়াতি কিংবা অনুমোদনহীন প্রতিনিধিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কানাডা সরকার। নতুন বিধান অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। গত ২৮ অক্টোবর ২০২৬ থেকে বিধানটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)।
নতুন নিয়মে অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন বা নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলে ভিত্তিমূল্যের জরিমানা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ডলার। অন্যদিকে, আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা এ ধরনের তথ্য সরবরাহে সহায়তা করলে ভিত্তিমূল্যের জরিমানা ১৫ হাজার ডলার। অপরাধের ধরন, গুরুত্ব এবং আগের অনিয়মের ইতিহাস বিবেচনায় এই অঙ্ক আরও বাড়তে পারে। এক নোটিশে সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনিয়মের মাধ্যমে অর্জিত আর্থিক সুবিধাও জরিমানার সঙ্গে যুক্ত হতে পারে।
এই বিধানের আওতা শুধু ভুয়া বা অনুমোদনহীন পরামর্শকদের মধ্যে সীমাবদ্ধ নয়। কানাডার লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালট্যান্ট, আইনজীবী ও অন্যান্য অনুমোদিত প্রতিনিধিদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য। এমনকি কানাডার বাইরে অবস্থান করে অর্থের বিনিময়ে দেশটির অভিবাসন বা নাগরিকত্ব বিষয়ে পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়া, আবেদনকারীর কাছ থেকে জেনেশুনে ভুল বা অসম্পূর্ণ তথ্য সংগ্রহ, মিথ্যা তথ্য দিয়ে আবেদন তৈরি এবং আবেদনকারীকে ভুল তথ্য দিতে উৎসাহিত করা—সবই নতুন বিধানে অপরাধ হিসেবে গণ্য হবে। এ ছাড়া আইআরসিসির তদন্তে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করলে ভিত্তিমূল্যের ১০ হাজার ডলার জরিমানা দিতে হতে পারে।
জরিমানার অঙ্ক নির্ধারণে অপরাধের ধরন ও প্রভাবের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি কতটা আর্থিক সুবিধা পেয়েছেন এবং অতীতে একই ধরনের অপরাধে জড়িয়েছেন কি না, তা বিবেচনা করা হবে। একাধিকবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানাও বাড়বে। একই ব্যক্তি বারবার অনিয়ম করলে প্রতিটি লঙ্ঘনের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ১৫ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
আইন লঙ্ঘনের দায়ে জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয়ও প্রকাশ্যে আনার পরিকল্পনা করেছে কানাডা সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালে আইআরসিসির ওয়েবসাইটে একটি অনলাইন তালিকা বা নিবন্ধনব্যবস্থা চালুর কথা রয়েছে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, কী ধরনের আইন লঙ্ঘন হয়েছে, জরিমানার পরিমাণ এবং তা পরিশোধ করা হয়েছে কি না, সেসব তথ্য প্রকাশ করা হবে। এতে অভিবাসনপ্রত্যাশীরা কোনো পরামর্শক বা প্রতিনিধির বিরুদ্ধে আগে অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা যাচাই করতে পারবেন।
তবে অভিযোগ উঠলেই কাউকে দোষী সাব্যস্ত করা হবে না। তদন্ত শেষে আইআরসিসি প্রাথমিক নোটিশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের মধ্যে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারবেন। পরে জরিমানার চূড়ান্ত নোটিশ দেওয়া হলে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ৩০ দিনের মধ্যে স্বাধীন পর্যালোচকের কাছে আবেদন করার সুযোগ থাকবে।
কানাডা সরকারের ভাষ্য, অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা, আর্থিক ক্ষতি ও ভুল পরামর্শ থেকে সুরক্ষা দেওয়া এবং দেশটির অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই নতুন বিধানের উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এ নিয়ম কার্যকর হওয়ায় অভিবাসন ও নাগরিকত্বের আবেদনকারীদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার গুরুত্ব বেড়েছে। এ কারণে কোনো পরামর্শককে অর্থ দেওয়ার আগে তাঁর পেশাগত অনুমোদন ও লাইসেন্স যাচাই করার পরামর্শ দিয়েছে আইআরসিসি।