যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির লোগান সার্কেলে বন্দুকধারীর হামলায় অন্তত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির লোগান সার্কেলে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে একটি জিমের ভেতরে তাঁকে গুলি করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
শহরের ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিটনেস সেন্টারের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারী কাছের একটি আবাসিক ভবনে আশ্রয় নিয়ে নিজেকে ব্যারিকেডের আড়ালে রাখেন। তাঁকে আটক করতে পুলিশের বিশেষ অস্ত্র ও কৌশল দল (সোয়াট) অভিযান শুরু করে। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক অবরোধ জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে স্থানীয় পুলিশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মাদক ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদস্যরাও অংশ নেন। ঘটনাস্থলে পুলিশের অসংখ্য গাড়ি ও জরুরি বিভাগের যানবাহন মোতায়েন করা হয়।
এপির প্রতিবেদন অনুযায়ী, জিমের ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর মৃত্যুর খবরও জানান তিনি। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং তাঁর মৃত্যুর বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কি না, তা প্রতিবেদনে পরিষ্কার করা হয়নি।
হামলার স্থানটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে। সন্দেহভাজন হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য এবং কীভাবে তিনি জিমে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশি অভিযান ও তদন্ত চলছে।