ই-পেপার

স্পেনে আবাসন সংকটে ৪০ লাখ শ্রমিকের ধর্মঘট

বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও আবাসন সংকট সমাধানের দাবিতে স্পেনে প্রায় ৪০ লাখ

আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ২২:৫৮
২৬ ভিউ
স্পেনে আবাসন সংকটে ৪০ লাখ শ্রমিকের ধর্মঘট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও আবাসন সংকট সমাধানের দাবিতে স্পেনে প্রায় ৪০ লাখ শ্রমিকের অংশগ্রহণে নজিরবিহীন ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশজুড়ে আয়োজিত এ কর্মসূচিতে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এসব ঘটনায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে আবাসন সংকটকে কেন্দ্র করে এ আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, বাসস্থানের ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য আবাসন নিশ্চিত করার দাবিতে শ্রমিক ও ভাড়াটেদের সংগঠনগুলো এ কর্মসূচিতে অংশ নেয়।

পুলিশের হিসাবে, ধর্মঘট ঘিরে সারা দেশে অন্তত ১ হাজার ৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মাদ্রিদে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ফোম বুলেট ব্যবহার করে দাঙ্গা পুলিশ। বার্সেলোনাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

আবাসন সংকটের চিত্রও উদ্বেগজনক। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এ ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, স্পেনে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, যা একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।

দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও ধর্মঘটে সমর্থন জানিয়েছে। সংগঠন দুটির দাবি, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘটে অংশগ্রহণের হার ৯০ শতাংশে পৌঁছেছে। কর্মসূচির কারণে বিভিন্ন কারখানায় উৎপাদনও বন্ধ ছিল।

সাধারণ নির্বাচনের আগে আবাসন সংকট ঘিরে শ্রমিকদের এই আন্দোলন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স।