ই-পেপার

৫ কোটি রুপির ঘড়িতে নজর কাড়লেন শাহরুখ

দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিলাসবহুল ঘড়ি পরে হাজির

আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ২৩:০৭
১৩ ভিউ
৫ কোটি রুপির ঘড়িতে নজর কাড়লেন শাহরুখ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিলাসবহুল ঘড়ি পরে হাজির হয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের ঘড়িটি তাঁর হাতে দেখা গেছে। মডেল ও নকশাভেদে এর দাম ৫ কোটি রুপিরও বেশি।

বুধবার (১১ নভেম্বর) দুবাইয়ে ডানিউবের আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধন করেন শাহরুখ। অনুষ্ঠানে বক্তব্য ও রসিকতার পাশাপাশি ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানের তালে নেচে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। তাঁর পোশাক ও অনুষঙ্গও নজর কাড়ে।

এদিন কালো প্যান্ট ও বিশেষ নকশার কলার, হাতা ও পকেটযুক্ত কালো ব্লেজার পরেছিলেন অভিনেতা। সঙ্গে ছিল কালো জুতা, রঙিন কাচের চশমা, ব্রেসলেট, হীরার আংটি, নেকলেস এবং পরিচিত কালো ইয়ার কাফ। স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানও অনুষ্ঠানে কালো পোশাকে উপস্থিত ছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল শাহরুখের হাতের ঘড়িটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গুগল লেন্সের অনুসন্ধানে ঘড়িটিকে পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের বলে শনাক্ত করা হয়েছে। অনলাইন বিলাসবহুল ঘড়ি বিক্রির প্ল্যাটফর্ম ক্রোনো২৪-এর তথ্য অনুযায়ী, মডেল ও নকশাভেদে এ সিরিজের ঘড়ির দাম প্রায় ৩ কোটি থেকে ৬ কোটি রুপির বেশি। কালো বেজেলের একটি সংস্করণের দাম ৩ কোটি ৮ লাখ রুপি। অন্যদিকে, নীল বেজেলের দুটি সংস্করণের দাম যথাক্রমে ৫ কোটি ২২ লাখ ও ৬ কোটি ৩ লাখ রুপি।

ঘড়িটির বিশেষ সংস্করণটির মডেল নম্বর পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস ৫২৭১/১১পি-০১০। ৪১ মিলিমিটার ব্যাসের এই ঘড়ি তৈরি করা হয়েছে প্লাটিনাম দিয়ে। এর বেজেল ও দুই পাশের অংশে রয়েছে ৫৮টি ব্যাগেট কাট নীল নীলকান্তমণি। ভাঁজ করা ক্ল্যাস্পেও বসানো হয়েছে একই ধরনের আরও ২২টি নীল নীলকান্তমণি। মূল্যবান রত্নপাথর, সূক্ষ্ম কারুকাজ ও অভিজাত নির্মাণশৈলীর কারণে ঘড়িটি বিলাসবহুল ঘড়ির জগতে বিশেষ স্থান পেয়েছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বলিউড নির্মাতা করণ জোহর। এ সময় নিজের বাড়ি মান্নাতের অন্দরসজ্জা ও বিভিন্ন সিদ্ধান্তে গৌরী খানের ভূমিকা নিয়েও রসিকতা করেন শাহরুখ। তিনি বলেন, নিজের বাড়িতে কোনো কিছুতেই তাঁর সিদ্ধান্ত চলে না; সবকিছুই গৌরীর পছন্দ ও সিদ্ধান্ত অনুযায়ী হয়।

বাড়ির ওয়াই-ফাই, বিছানায় বসে খাবার খাওয়া, দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা আলোর ব্যবস্থা—কোনো বিষয়েই নিজের মতামত দেওয়ার সুযোগ নেই বলে হাস্যরস করেন অভিনেতা। এসব বিষয়ে গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

সূত্র: এনডিটিভি।