ই-পেপার

৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা

মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে শুধু বিশ্বসুন্দরীর খেতাবই নয়, এক বছরের জন্য মিলবে নানা সুযোগ-সুবিধা।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৬
৭ ভিউ
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক


বিলাসবহুল আবাসন, মাসিক ভাতা, আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট থেকে শুরু করে সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রয়েছে বিজয়ীর পুরস্কার প্যাকেজে।

চলতি বছর মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। তাঁর জন্য তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনায় নির্মিত বিশেষ মুকুট। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মুকুটটি।

তবে ঝলমলে এই মুকুটই বিজয়ীর একমাত্র প্রাপ্তি নয়। এক বছরের দায়িত্ব পালনের জন্য তাঁকে দেওয়া হবে নানা ধরনের আর্থিক ও পেশাগত সুবিধা।

বছরে আড়াই লাখ ডলারের পারিশ্রমিক!

ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ছাড়া দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার বা প্রায় ৬২ লাখ টাকা করে পাওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তবে এ অর্থকে সরাসরি বেতন হিসেবে উল্লেখ করতে নারাজ আয়োজক সংস্থা। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে দেওয়া হয় প্রাথমিক তহবিল ও মাসিক আয়। আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার খরচ মেটানোই এর উদ্দেশ্য।

অবশ্য এসব অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

নিউইয়র্কে থাকার ব্যবস্থা

মিস ইউনিভার্স বিজয়ীর জন্য নিউইয়র্ক সিটিতে একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়। হোলার প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব পালনের সময় এটিই হবে তাঁর আবাসস্থল।

শুধু আবাসনই নয়, বিভিন্ন দেশ সফরের বিমানভাড়া, হোটেল এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত ব্যয়ও বহন করা হয়। ফলে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় না বিজয়ীকে।

ব্যক্তিগত স্টাইলিস্ট ও সৌন্দর্যসেবা

বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং গণমাধ্যমের সামনে উপস্থিত হওয়ার জন্য বিজয়ীকে দেওয়া হয় বিশেষজ্ঞদের সহায়তা।

এর মধ্যে রয়েছে ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, চুলের যত্নের বিশেষজ্ঞ এবং ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক। পাশাপাশি পুষ্টিবিষয়ক পরামর্শ ও মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থাও থাকতে পারে।

গালফ নিউজের প্রতিবেদনেও আগের বিজয়ীর পুরস্কার প্যাকেজে ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার কথা উল্লেখ করা হয়েছে।

এক বছরের জন্য বিশ্বভ্রমণের সুযোগ

মিস ইউনিভার্স বিজয়ীকে মূলত এক বছরের জন্য সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সফর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ, গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমে যুক্ত থাকতে হয়।

এ দায়িত্ব পালনের অংশ হিসেবেই তাঁর আন্তর্জাতিক ভ্রমণ ও আনুষ্ঠানিক উপস্থিতির ব্যবস্থা করে আয়োজক সংস্থা।

মুকুট কি নিজের করে নিতে পারবেন?

৩ হাজার ১৫০টি হীরায় সাজানো নতুন মুকুটটি দেখতে যতই আকর্ষণীয় হোক, সাধারণত এটি বিজয়ীর ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না।

দায়িত্ব পালনের এক বছর বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কাজে মুকুটটি ব্যবহারের সুযোগ পান তিনি। তবে মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফিরিয়ে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্মারক হিসেবে মুকুটের প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হয়। অবশ্য এ নিয়ম প্রতিটি আসরে একই রকম নয়।

এক বছর পর দায়িত্ব হস্তান্তর

মিস ইউনিভার্স হিসেবে এক বছর দায়িত্ব পালনের পর বারেটো আবারও ফিরবেন প্রতিযোগিতার মঞ্চে। সেখানে নিজের উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি।

অর্থাৎ, মিস ইউনিভার্সের শিরোপা শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ, আর্থিক সুবিধা, পেশাগত অভিজ্ঞতা এবং বিশ্বজুড়ে পরিচিতি অর্জনের সম্ভাবনা।

সূত্র: মিস ইউনিভার্স অর্গানাইজেশন, গালফ নিউজ