সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দাম বেড়েছে। তবে বিশ্ববাজারে তেলের সম্ভাব্য অতিরিক্ত সরবরাহ এবং উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে প্রভাবিত করছে।
দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৬৮ ডলার হয়েছে। মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দর ২ শতাংশের বেশি বাড়ে।
হুথি বিদ্রোহীরা বুধবার দাবি করে, তারা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক জেলায় হামলা চালিয়েছে। রাস তানুরা দেশটির বৃহত্তম শোধনাগার। এটি এমন একটি শিল্প কমপ্লেক্সে অবস্থিত, যেখানে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান টার্মিনাল রয়েছে।
পিভিএমের তেল বিশ্লেষক তামাস ভার্গা মনে করেন, হুথিদের হামলার বিবৃতি তেলের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। ভূরাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির কারণে বাজারে বাড়তি মূল্য যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভার্গার মতে, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ছুটির আগে ব্যবসায়ীরা তেলের দর কমার পক্ষে নেওয়া অবস্থান থেকে সরে আসতে পারেন। এতে দাম বৃদ্ধির গতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের তেলের মজুতও বেড়েছে। জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাবে, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১১ লাখ ব্যারেল বেড়ে ৪১৮ কোটি ৯০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ১৫ লাখ ব্যারেল মজুত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। মিজুহোর জ্বালানি ফিউচারস বিভাগের পরিচালক বব ইয়াগার জানান, রপ্তানি কমে যাওয়া ও আমদানি বেড়ে যাওয়ায় মজুত বৃদ্ধির ঘটনা ঘটেছে।
এদিকে ২৯ নভেম্বরের বৈঠক সামনে রেখে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে ওপেকের অনিশ্চয়তা তেলের দামে প্রভাব ফেলছে। এলএসইজির তেল গবেষণা বিশেষজ্ঞ ঝেনকিয়াং সেতোর ভাষ্য, সংযুক্ত আরব আমিরাত এখন ওপেক প্লাসের নীতির আওতায় সীমাবদ্ধ নেই। ইরাকও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। ওই দিন ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসে আগামী বছরের উৎপাদননীতি নির্ধারণ করবেন।
এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তসুয়োশি উয়েনো বলেন, চলতি মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহের ধারণা দাম বৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করেছে। আগামী বছরের উৎপাদন কোটা নির্ধারণের বিষয়টিও বাজারের নজরে রয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, বছরের শেষ নাগাদ ওপেক প্লাসের সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা পর্যালোচনা সম্পন্ন হওয়ার কথা। এ বিষয়ে অবগত চার ব্যক্তির বরাতে জানা গেছে, ইরাক ও কাজাখস্তান উৎপাদন সক্ষমতার হিসাব বাড়াতে জোটের ওপর চাপ দিচ্ছে। এই পর্যালোচনার ফল আগামী বছর দেশগুলোর উৎপাদনের অনুমোদিত পরিমাণ নির্ধারণে প্রভাব ফেলবে। এ নিয়ে জোটের অভ্যন্তরে উত্তেজনা বাড়ছে।
সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে লিবিয়া। দেশটির শারারা তেল পাইপলাইন পুনরায় চালু হয়েছে। একটি ভালভ বন্ধ করে দেওয়ায় তেল প্রবাহ থেমে গিয়েছিল। জাতীয় তেল করপোরেশন (এনওসি) ঘটনাটিকে অবৈধ গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, জাওয়িয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণ ট্যাংকে আবার তেল সরবরাহ শুরু হয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালিতে মঙ্গলবার একটি কনটেইনার জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়ে থেমে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানায়, জাহাজটি প্রণালির কাছে একটি অননুমোদিত পথে চলাচল করছিল।
সূত্র: রয়টার্স