ই-পেপার

কায়রোয় ট্যাংকার দুর্ঘটনায় আগুন, প্রাণ গেল ৩১ জনের

মিশরের রাজধানী কায়রোর ওয়াররাক এলাকায় জ্বালানিবাহী ট্যাংকার

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩
৪১ ভিউ
কায়রোয় ট্যাংকার দুর্ঘটনায় আগুন, প্রাণ গেল ৩১ জনের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর ওয়াররাক এলাকায় জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রিং রোডে এ দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে। হতাহতদের উদ্ধারে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর পুরোনো নগরকেন্দ্রের উত্তরে ওয়াররাক এলাকার ব্যস্ত মহাসড়কে ট্যাংকারটি উল্টে যাওয়ার পর জ্বালানি ছড়িয়ে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পেট্রোল আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে উদ্ধারকাজ শেষে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

আগুনে দগ্ধ এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের কাছাকাছি হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আগুনের বড় বড় শিখা ও কালো ধোঁয়া দেখা যায়। পুড়ে যায় আশপাশের কয়েকটি যানবাহনও।

দুর্ঘটনার কারণ নিয়ে কর্মকর্তারা এখনো বিস্তারিত তথ্য দেননি। তবে আল-আহরাম পত্রিকা তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক অতিক্রম করে উল্টে যায় এবং আগুন ধরে যায় বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকাটি।

ঘটনাটি তদন্তে নেমেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজের পাশাপাশি আহতদের চিকিৎসা কার্যক্রমও তদারকি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কায়রোর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতির ছবিও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলের ছবিতে মহাসড়কে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবাদানকারী দলগুলো সড়কে প্রবেশের পথ বন্ধ করে দেয়। আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোতে ব্যবস্থা নেয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে। অপরিকল্পিত আবাসিক বসতি ও জরাজীর্ণ অবকাঠামো দেশটিতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে জরুরি সেবাদানকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব এবং স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার ওপর নির্ভরশীলতা পরিস্থিতি মোকাবিলাকে কঠিন করে তোলে। জনবহুল রাজধানী কায়রোতেও এসব সমস্যা রয়েছে।

মিশরে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।