বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পার হলেও রহস্যের সমাধান হয়নি। হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তিনটি বিষয় সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
তদন্তকারীরা তাহসিফের চলাচল, তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ভূমিকা এবং মৃত্যুর আগের ঘটনা খতিয়ে দেখছেন। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য নেওয়া হয়েছে। উত্তরার বাসা, একটি হোটেল, বার ও টঙ্গীর মাজার রোড বস্তি—এই চারটি স্থানকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
তাহসিফের বাবা হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ ও পূর্বপরিচিত এক তরুণী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে তাঁদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।
তাহসিফের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তাঁর পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ অক্টোবর বাসা থেকে দীপের সঙ্গে বের হন তাহসিফ। পরে উত্তরার একটি বারে এক তরুণীর সঙ্গে দেখা করেন। সেখানে মনোমালিন্যের পর তাঁকে বাসায় পৌঁছে দিয়ে দীপকে নিয়ে টঙ্গীর মাজার রোড এলাকায় যান।
দীপের দাবি, সেখানে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তিকে দেখে তাঁরা দৌড়ে পালান। এরপর তাহসিফের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। তবে রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস বার্তায় ‘আসতেছি, রওনা দিছি’ বলে জানান তাহসিফ।
পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়।
নৌ পুলিশ জানিয়েছে, হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—কোনটি ঘটেছে, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যও যাচাই করা হচ্ছে।
এদিকে তাহসিফের বাবা মনে করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি মামলার তদন্ত সিআইডি বা পিবিআইয়ের কাছে দেওয়ার দাবি জানিয়েছেন।