ই-পেপার

ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেনজেনে

বিশ্বের তিন প্রভাবশালী পারমাণবিক শক্তিধর দেশের নেতৃত্বকে এক টেবিলে আনতে

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪
২৫ ভিউ
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেনজেনে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বের তিন প্রভাবশালী পারমাণবিক শক্তিধর দেশের নেতৃত্বকে এক টেবিলে আনতে যাচ্ছে চীন। আগামী ১৯ নভেম্বর দেশটির শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসবেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে একটি ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতিও আলোচনায় স্থান পেতে পারে।

ট্রাম্প এর আগেই পুতিন ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।’

ওয়াশিংটনে শুক্রবারের এক ব্রিফিংয়ে বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি আলোচনায় রাখার কথা প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন। ওয়েলসের ভাষায়, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

ওয়েলস জানান, দক্ষিণ চীনের শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় তিন নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের আলোচনায় ইরান প্রসঙ্গ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শেষে কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই।

ওয়েলসের দেওয়া সূচি অনুযায়ী, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। পরদিন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফর শেষ করবেন যুক্তরাষ্ট্র, গণচীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে।’ তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ানের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন ট্রাম্প। ওয়েলসের দাবি, এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে।

এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো বড় ধরনের কোনো নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় নেই। চুক্তিটির অবসানের মধ্য দিয়ে কার্যত সেই অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও ইতি ঘটেছে, যা একসময় স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রেখেছিল।

এ পরিস্থিতিতে জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প পুরোনো চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে আরও উন্নত একটি চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর যুক্তি, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।