ফুটবল ক্যারিয়ারের বাইরে এবার অভিনয় ও প্রযোজনায় যুক্ত হচ্ছেন ক্রিস্টিয়ানো
ছবি সংগৃহীত: ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্যারিয়ারের বাইরে এবার অভিনয় ও প্রযোজনায় যুক্ত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘ডে ওয়ানস’ নামের ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পর্তুগিজ এই তারকা। প্যারামাউন্ট প্লাসে প্রচারের জন্য নির্মিত ১০ পর্বের সিরিজটিতে প্রধান চরিত্রে রয়েছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস।
সিরিজের কাহিনি এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। সাফল্য ও খ্যাতি অর্জনের পরও শৈশবের বন্ধুদের সঙ্গে সম্পর্ক অটুট রাখে তরুণটি। তার জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের ঘিরেই এগিয়ে যাবে গল্প। এ কারণেই সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ানস’।
এতে ফুটবল এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন ড্যামিয়েন লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিও। নির্বাহী প্রযোজকের দায়িত্বের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রেই তাঁকে দেখা যেতে পারে। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভও।
কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন সিরিজটি পরিচালনা করছেন। প্রথম পর্বের পরিচালনার দায়িত্বও তাঁর হাতে। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত ড্যান মাজে শোরানার হিসেবে কাজ করছেন। সিরিজটির মূল ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন।
রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন উদ্যোগ ‘ডে ওয়ানস’। ২০২৫ সালে তাঁরা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সিরিজটির প্রযোজনায় আরও রয়েছে ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্স।
প্রকল্পটি সম্পর্কে রোনালদো বলেছেন, ফুটবল কেবল মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের নানা গল্প। মাঠের বাইরের এসব অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। এমন একটি গল্পের অংশ হতে পেরে প্রযোজক হিসেবেও আনন্দিত এই ফুটবল তারকা।
ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থার যাত্রা শুরুর জন্য ‘ডে ওয়ানস’ যথাযথ একটি প্রকল্প। অন্যদিকে, ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে একই প্রযোজনায় যুক্ত হতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে প্যারামাউন্ট প্লাস এখনো এর মুক্তির তারিখ ঘোষণা করেনি।