ই-পেপার

এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের দুর্দান্ত মৌসুমের স্বীকৃতি

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭
৯ ভিউ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের দুর্দান্ত মৌসুমের স্বীকৃতি মিলেছে। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। লিগের ইতিহাসে এই পুরস্কার জেতা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ২৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। তার পারফরম্যান্সে মৌসুমের শেষ ১৯ ম্যাচের ১২টিতে জয় পেয়েছে দলটি এবং নিশ্চিত করেছে এমএলএস কাপের প্লে-অফ।

২০২০ সালে বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কারের পরিবর্তে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি চালু হয়। এবার খেলোয়াড়, সংবাদমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের ভোটে ৬৫ দশমিক ০৫ শতাংশ পেয়ে সবার ওপরে থাকেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের ফরোয়ার্ড জুলিয়ান হল ১০ দশমিক ৯৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় এবং একই দলের আদ্রি মেহমেতি ৫ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। খেলোয়াড়দের ভোটের ৬০ শতাংশ এবং সংবাদমাধ্যমের ভোটের ৮০ শতাংশই পেয়েছেন সুলিভান।

ফিলাডেলফিয়া ইউনিয়নের ইতিহাসে বর্ষসেরা তরুণ কিংবা বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনি। একই সঙ্গে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচনের চূড়ান্ত পাঁচ প্রার্থীর তালিকায়ও রয়েছেন। ফলে তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়াটা অনেকটাই প্রত্যাশিত ছিল।

তবে মৌসুমের শুরুটা সুলিভানের জন্য সহজ ছিল না। সাবেক কোচ ব্র্যাডলি কারনেলের অধীনে প্রথম ১৫ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল ইউনিয়ন। ওই সময় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে দ্বিতীয় লেগে দুটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সহায়তা করেন তিনি। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে শেষ ষোলোর দুই লেগেই শুরুর একাদশে ছিলেন এবং দুই ম্যাচ মিলিয়ে দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। তবে লিগে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৩ মে পর্যন্ত। সেদিন অরল্যান্ডোর বিপক্ষে গোল করেন তিনি।

বিশ্বকাপ বিরতির পর দলের পাশাপাশি বদলে যায় সুলিভানের পারফরম্যান্সও। ২২ জুলাই রায়ান রিখটার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর বিরতি শেষে প্রথম তিন ম্যাচেই শুরুর একাদশে জায়গা পান তিনি। তিন ম্যাচেই জয় তুলে নেয় ইউনিয়ন। ৯ আগস্ট নেকাক্সার বিপক্ষে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন এই তরুণ।

এরপর ১৬ আগস্ট নিউইয়র্ক সিটির বিপক্ষে দুটি গোলে সহায়তা করেন সুলিভান। পরবর্তী টানা আট ম্যাচে ছয় গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সরাসরি সহায়তা করেন এবং আরও পাঁচটি গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নৈপুণ্যে ওই আট ম্যাচেই জয় পায় ইউনিয়ন। পাশাপাশি এমএলএসে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ক্লাবটি। দুটি অর্জনই ফিলাডেলফিয়ার ইতিহাসে নতুন।

ক্লাবের হয়ে এমন ধারাবাহিকতার সুবাদে প্রথমবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোলও করেন তিনি। পরে হাইতির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের জন্য ঘোষিত দলেও জায়গা হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

জাতীয় দল থেকে ফিরে ক্লাবের হয়ে পরপর দুই ম্যাচে আরও দুটি গোলে সহায়তা করেন সুলিভান। পরে গোড়ালির চোটে দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে মৌসুমের শেষ ম্যাচে টরন্টোর বিপক্ষে জোড়া গোল করে এবং পেনাল্টি আদায় করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

সুলিভানের উত্থান অবশ্য চলতি মৌসুমেই শুরু হয়নি। ২০২৪ সালে অভিষেকের পর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪০ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অভিষেকেই যুক্তরাষ্ট্রের পুরুষদের পেশাদার ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। গত বছর খেলেছিলেন ৪০০ মিনিট। আর এবার মাঠে কাটিয়েছেন ২ হাজার ২৯৬ মিনিট। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল। মাত্র ১৭ বছর বয়সেই এমএলএসের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা হয়ে উঠেছেন তিনি।

কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি গড়েন।