ভারত থেকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভারত থেকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা হাসিনা এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করলেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকেই তিনি প্রত্যাবর্তনের জন্য বেছে নিয়েছেন। তার এই ঘোষণায় দেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এ মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকেই দেশে সহিংসতা বেড়েছে।
সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন তিনি। বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রও চেয়েছেন হাসিনা।
মুখপাত্রের বক্তব্য, সংবিধানের পরিপন্থীভাবে হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। রোববার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনাও হয়নি বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তবে ভারত থেকে নির্বাসিত অবস্থায় হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।