ই-পেপার

ফারসি ভাষার নিজস্ব এআই আনল ইরান

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে যোগাযোগব্যবস্থায় নিজস্ব সক্ষমতা

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ২১:৪১
১৬ ভিউ
ফারসি ভাষার নিজস্ব এআই আনল ইরান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে যোগাযোগব্যবস্থায় নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ফারসি ভাষার কথোপকথন শনাক্ত ও লেখায় রূপান্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছে ইরান। দেশটির এক গবেষকের উদ্ভাবিত এই প্রযুক্তি মুঠোফোনের কথাবার্তা নির্ভুলভাবে লিখিত রূপ দিতে সক্ষম। রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তিটি তৈরি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বুদ্ধিমান প্রযুক্তি বিভাগের শিক্ষক হাদি ভাইসি। তাঁর দাবি, আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তির সঙ্গে তুলনামূলক পরীক্ষায় তাঁর উদ্ভাবন গুগলের কথোপকথন শনাক্তকরণ প্রযুক্তির চেয়েও ভালো ফল করেছে।

ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার টেলিফোন কথোপকথন দিয়ে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষের কথার ধরন, আঞ্চলিক বৈচিত্র্য ও উচ্চারণের পার্থক্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে স্থানীয় মানুষের স্বাভাবিক কথাবার্তা শনাক্ত করে তা নির্ভুলভাবে লেখায় রূপান্তর করতে পারছে প্রযুক্তিটি।

কথোপকথন শনাক্ত করার পাশাপাশি মানুষের মুখের ভাষাকে সরাসরি লিখিত রূপ দেওয়ার সুবিধাও রয়েছে এতে। ফলে ফারসিভাষীরা সহজেই তাঁদের কথ্য ভাষার লিখিত রূপ পেতে পারবেন। ইতিমধ্যে ইরানের কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোনের সহকারী সেবা ও স্বয়ংক্রিয় গ্রাহকসেবায় প্রযুক্তিটি ব্যবহার শুরু করেছে। এতে ফারসি ভাষাভিত্তিক এআই সেবার বিস্তারের পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতাও কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

তবে এই প্রযুক্তি উদ্ভাবনের পেছনে শুধু প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নয়, রয়েছে জাতীয় নিরাপত্তার উদ্বেগও। অতীতে বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের কারণে ইরানের যোগাযোগব্যবস্থা নজরদারির ঝুঁকিতে পড়েছিল। দেশটির ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শীর্ষ নেতা ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে নজরদারি থেকে পাওয়া তথ্য ব্যবহার করেছে।

২০২৬ সালে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের নজরদারি ক্যামেরার নেটওয়ার্কে হ্যাক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল ও অবস্থানের তথ্য সংগ্রহ করেছিলেন। পরে এসব তথ্য সামরিক অভিযানে ব্যবহার করা হয়। এ অভিজ্ঞতার পর পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অবকাঠামো গড়ার পাশাপাশি চীন ও রাশিয়ার প্রযুক্তির দিকেও মনোযোগ দিয়েছে ইরান।

সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ফারসি ভাষার কথোপকথন শনাক্তে নতুন এআই প্রযুক্তির উদ্ভাবনকে সেই লক্ষ্য পূরণের পথে দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।