ই-পেপার

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, ৭ হাজার বানর নিয়ে গবেষণা!

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা বার্ধক্যকে দীর্ঘ সময় ঠেকিয়ে রাখার সম্ভাবনা খুঁজছে রাশিয়া।

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮
৫০ ভিউ
পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, ৭ হাজার বানর নিয়ে গবেষণা!

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

এ লক্ষ্য সামনে রেখে সাত হাজারের বেশি বানরের ওপর গবেষণা চালাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউটে চলছে এই দীর্ঘায়ু গবেষণা। সেখানে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে। বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বয়স্ক বানরগুলো। এদের কয়েকটির বয়স ৩০ বছরের বেশি। দীর্ঘদিন বেঁচে থাকার জৈবিক রহস্য উদ্ঘাটনে তাদের রক্ত, মস্তিষ্ক এবং শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করা হচ্ছে।

গবেষণা প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচিত। মস্কোয় আয়োজিত একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিভিন্ন ধরনের শারীরিক ও জৈবিক পরীক্ষা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে রক্তের জৈব রাসায়নিক বিশ্লেষণ, রক্তনালির অবস্থা পর্যবেক্ষণ, শারীরিক গঠন পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

কোভালচুকের ধারণা, মানুষের সঙ্গে বানরের শারীরিক ও জৈবিক মিল থাকায় দীর্ঘায়ু গবেষণায় এ প্রাণীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের শরীরে বার্ধক্যের পরিবর্তন পর্যবেক্ষণ করে মানুষের আয়ু বাড়ানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবনের ভিত্তি তৈরি হতে পারে।

গবেষণার অংশ হিসেবে অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ ব্যাংকও গড়ে তুলেছেন বিজ্ঞানীরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এই উদ্যোগ। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তান্তিন কোটেনকোর দাবি, সংরক্ষিত নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া যাবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ অবশ্য নতুন নয়। এ বিষয়ে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। ৪১ বছর বয়সী এই এন্ডোক্রাইনোলজিস্ট বার্ধক্য প্রতিরোধ এবং বয়সজনিত সমস্যা মোকাবিলায় নতুন ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন। বাবার নাম সরাসরি উল্লেখ না করলেও দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রেরণা হিসেবে মৃত্যুভীতির বিষয়টি তুলে ধরেন তিনি।

গত বছর চীন সফরের সময়ও পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা সামনে আসে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কথোপকথন খোলা মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তির উন্নতি এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে দুই নেতাকে আলোচনা করতে শোনা যায়।

ওই কথোপকথনে পুতিনকে বলতে শোনা যায়, অঙ্গ প্রতিস্থাপনের অগ্রগতির ফলে মানুষ আরও দীর্ঘ সময় তরুণ থাকতে পারে। এমনকি ভবিষ্যতে অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি সম্মেলনে তিনি মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন। তবে এত দীর্ঘ আয়ুও তাঁর কাছে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা শুধু বানরের ওপর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই। বার্ধক্য মোকাবিলায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং এবং জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা। জেনোট্রান্সপ্লান্টেশনের আওতায় জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের শরীরে প্রতিস্থাপনের উপযোগী অঙ্গ তৈরির সম্ভাবনা পরীক্ষা করা হচ্ছে।

পাশাপাশি বার্ধক্যের গতি কমাতে বিশেষ ওষুধ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত রেজ (RAGE) জিনের কার্যক্রম বন্ধ করার লক্ষ্যেও গবেষণা করছেন রুশ বিজ্ঞানীরা।

তবে এসব উদ্যোগের মাধ্যমে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা অমরত্ব অর্জন কতটা সম্ভব, তা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। দীর্ঘায়ু গবেষণায় অগ্রগতি হলেও মানুষের স্বাভাবিক বার্ধক্য পুরোপুরি নিয়ন্ত্রণ করার মতো কার্যকর প্রযুক্তি এখনো প্রতিষ্ঠিত নয়।

সূত্র: ডেইলি মেইল