ই-পেপার

ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিকদের লক্ষ্য করে বিভাজনমূলক ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগ করেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট।

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০
৪১ ভিউ
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইজেনকট বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আরব নাগরিকদের সমাজে অগ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব নাগরিক উল্লেখ করে তিনি বলেন, একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে অপমান করা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তাঁর মতে, একজন প্রধানমন্ত্রী কেবল নিজের সমর্থকদের নন, বরং দেশের সব নাগরিকের প্রতিনিধি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো নির্বাচনে রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে।

নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। আইজেনকট বলেন, আরব দলগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে সে কারণে পুরো একটি জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যদিও আরব দলগুলো আইজেনকটকে সমর্থনের কথা জানিয়েছে, তবে তাদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তিনি নাকচ করেছেন। নতুন সরকার গঠনের জন্য তাঁর হাতে রয়েছে ছয় সপ্তাহ সময়।

অন্যদিকে, রাজনৈতিক চাপের মধ্যে থাকা নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ ধরনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সামরিক বাহিনী এবং আইজেনকটের পক্ষ থেকে আগ্রহ দেখা যায়নি। আইজেনকট নতুন করে সংঘাতে জড়ানোর পরিবর্তে উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।