ই-পেপার

গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও জবাব পাওয়া যায়নি: পানিসম্পদ মন্ত্রী

গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি পাঠানো হলেও দেশটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২৩:৫২
১৯ ভিউ
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও জবাব পাওয়া যায়নি: পানিসম্পদ মন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক


তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তিনি নিজেও ব্যক্তিগতভাবে ভারতকে চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো উত্তর পাননি। শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। ইতিমধ্যে বিশেষ কমিটির পক্ষ থেকে টিআরসির মাধ্যমে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, তবে এখন পর্যন্ত সেটিরও উত্তর আসেনি। মন্ত্রী বলেন, ‘আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী।’

বাংলাদেশ বসে নেই জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, এ কারণেই পানির সংরক্ষণে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। পানি ধরে রাখার জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একইভাবে তিস্তা মহাপরিকল্পনার কাজও হাতে নেওয়া হয়েছে, যাতে পানি সংরক্ষণ করে উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধি করা যায়।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না।’

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, এসব বিষয়ে সহযোগিতা করার দায়িত্ব ভারতেরও রয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। যারা বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করেছে এবং মানুষের অর্থ লুটপাট করেছে, তাদের সঙ্গে নয়; বরং বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত।