হেমন্তের দিন শেষ হওয়ার আগেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে চলনবিল। দেশীয় ও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে বিলের চারপাশ। সোনালি ফসলের মাঠের পোকামাকড় এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের অন্যতম প্রিয় বিচরণক্ষেত্র।
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার ১২টি উপজেলায় বিস্তৃত দেশের সর্ববৃহৎ চলনবিলের আয়তন ছিল এক হাজার বর্গকিলোমিটারের বেশি। ক্রমাগত সংকুচিত হতে হতে বর্তমানে বিলটির আয়তন দাঁড়িয়েছে ৩৬০ বর্গকিলোমিটারে। চলনবিলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নাটোরের সিংড়া উপজেলা।
চলনবিলে দেশীয় প্রজাতির পাখির মধ্যে উল্লেখযোগ্য হলো সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা ও ঘুঘু। অন্যদিকে পরিযায়ী পাখির মধ্যে রয়েছে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি ও কাদাখোঁচা।
সবুজ ধানের আবাদি জমি এখন সোনালি বর্ণ ধারণ করেছে। এসব ধানের ক্ষেতে থাকা মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, শীষকাটা পোকা এবং বিভিন্ন পোকামাকড়ের লার্ভা পাখিদের খাবার। পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমিতে এখন পানির পরিমাণ কমেছে। জলাধারের মাছ, কাঁকড়া ও শামুকও পাখিদের প্রিয় খাবার। আকাশজুড়ে পাখিদের দলবেঁধে উড়ে বেড়ানো এবং আবাদি জমি কিংবা জলাভূমিতে অবাধ বিচরণ প্রকৃতিকে দিয়েছে অপার পূর্ণতা। পাখিদের এই সহাবস্থান পাখিপ্রেমীদের মন আনন্দে ভরিয়ে তুলছে। পাখি ছাড়া চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য যেন অপূর্ণ।
তবে শিকারিদের আক্রমণে মাঝেমধ্যেই প্রাণ হারাতে হচ্ছে পাখিদের। সুযোগসন্ধানী শিকারিরা পাখিদের কণ্ঠের গান কেড়ে নিচ্ছে। হঠাৎ করেই পাখির কলতান পরিণত হচ্ছে ভয়ার্ত ধ্বনিতে। পাখি শিকারে ব্যবহার করা হয় কারেন্ট জাল এবং বিশেষ ফাঁদ ‘কিল্লাঘর’। এ ছাড়া সীমিত পরিমাণে এয়ার গানও ব্যবহার করা হয়।
পাখি শিকার রোধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন। স্থানীয় প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষাকারী সংগঠনগুলো বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। পাখিসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠনগুলো নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ ও অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি চলনবিল-সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা শত শত পাখি অবমুক্ত করা হয়েছে। জব্দ করা হয়েছে শত শত মিটার কারেন্ট জাল ও কিল্লা ফাঁদ, পরে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া শিকারিদের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি এয়ার গানও।
উপজেলা প্রশাসন তিনজন পাখি শিকারিকে এক দিন করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, তিনজনকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, একজনকে সাত হাজার টাকা এবং অপর একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া উত্তরের জেলা থেকে আগত নৃগোষ্ঠীর শিকার করা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত তিন টন শামুক ও ঝিনুক জব্দ করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। তিন শামুক শিকারিকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, চলনবিলের পাখিরা আবাদি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষকের বন্ধু হিসেবে ভূমিকা পালন করে। তাই পাখি হত্যা করা হলে তা কৃষির জন্যই ক্ষতিকর হবে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, এক যুগের বেশি সময় ধরে তাঁরা পাখিদের সুরক্ষায় কাজ করছেন। বিলের দুর্গম এলাকায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাখি শিকারের প্রস্তুতির তথ্য জানালে তথ্যদাতাকে উপহার দেওয়ার ব্যবস্থা রয়েছে তাঁদের। এর মাধ্যমে সাধারণ মানুষকেও পাখি রক্ষায় অনুপ্রাণিত করার চেষ্টা করা হচ্ছে।
চলনবিলের পাখি রক্ষায় প্রশাসনেরও রয়েছে সক্রিয় অবস্থান ও সতর্ক দৃষ্টি। প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে পাখি শিকার রোধে চলছে উদ্বুদ্ধকরণ কার্যক্রম। সম্প্রতি গুলতি হাতে মার্বেল দিয়ে পাখি শিকারের জন্য নিশানা করছিল কয়েকজন স্কুলশিক্ষার্থী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম শিক্ষার্থীদের বলেন, ‘পাখি আমাদের পরম বন্ধু। তাদের ক্ষতি করলে আমাদেরই ক্ষতি।’ তাঁর কথায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা গুলতি ও মার্বেল জমা দিয়ে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখির কলতানে এখন মুখর চলনবিল। এই সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। পাখিদের সুরক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সচেতনতামূলক কার্যক্রম ও অভিযানে প্রশাসন সহযোগিতা করছে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হচ্ছে। চলনবিল পাখিদের খাদ্যের প্রাচুর্যপূর্ণ একটি এলাকা। তাই এখানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে প্রশাসন।