সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের অভিনেতা সোহেল খান।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসা তাঁর জীবনের নানা টানাপোড়েন ও শোবিজ অঙ্গনের বাস্তবতা নতুন করে আলোচনায় এসেছে। নিজের কাজ ও আর্থিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে ব্যথিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সোহেল খান। তিনি প্রশ্ন তুলেছিলেন, কে বলেছে তাঁর কাজ নেই? একই সঙ্গে জানিয়েছিলেন, তিনি নিয়মিতই অভিনয় করছেন।
শোবিজ অঙ্গনের সামগ্রিক মন্দাভাবের পেছনে ভালো গল্পের অভাব, প্রযোজকদের এগিয়ে না আসা এবং টেলিভিশন চ্যানেলগুলোর সতর্ক অবস্থানকে দায়ী করেছিলেন তিনি। তবে নিজের ব্যক্তিজীবন নিয়ে স্পষ্ট ভাষায় বলেছিলেন, ডাল-ভাত খেয়েও তিনি ভালো আছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, নিজের ও ছেলের দৈনন্দিন খরচ এবং সংসার পরিচালনা করতে মাসে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়, যা তিনি নিজের পরিশ্রমের আয় থেকেই সামলান। কারও কাছে হাত পাতার মানসিকতা তাঁর ছিল না বলেও জানিয়েছিলেন অভিনেতা।
পৈতৃক সম্পত্তি প্রসঙ্গে তিনি বলেছিলেন, বাবা কিছুই রেখে যাননি—এমন ধারণা সঠিক নয়। পৈতৃক সম্পত্তি এখনো বণ্টন হয়নি, তা রয়েছে। তবে আমেরিকায় থাকা তাঁর দুই বোন ইন্টারনেটে ভুয়া খবর দেখে কান্নাকাটি করে ফোন দিতেন—ভাই না খেয়ে আছেন কিংবা চিকিৎসার টাকা পাচ্ছেন না—এমন খবর শুনে বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মনে করতেন তিনি। বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সরাসরি যোগাযোগ করে ক্যামেরা নিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন সোহেল খান।
সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি ও টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেতা। সংসারের দৈনন্দিন চাহিদা ও অভিযোগ প্রসঙ্গে তাঁর আক্ষেপ ছিল, ঘরে বাজার না থাকলে ডাল ও আলুভর্তা দিয়েই তিনি সন্তুষ্ট থাকতে পারেন। কিন্তু খাবারের সময় অনীহা বা অসন্তোষ প্রকাশ করা হলে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়।
ভালোবাসা ও সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে তিনি হজরত আলী ও মা ফাতেমার প্রসঙ্গ টেনেছিলেন। তাঁর বক্তব্যে উঠে এসেছিল, শক্তির চেয়ে ভালোবাসা ও আত্মিক টান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের স্বামী-স্ত্রীর সম্পর্কে সেই গভীরতা ও শ্রদ্ধাবোধের ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। নিজের বক্তব্য কাউকে উদ্দেশ্য করে নয়, বরং ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি থেকেই বলেছিলেন বলে স্পষ্ট করেছিলেন অভিনেতা। পাশাপাশি স্মরণ করেছিলেন বাবা-মা ও দাদা-দাদির সময়ের সহজ-সরল ও ভালোবাসাপূর্ণ পারিবারিক পরিবেশের কথাও।
টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দায়ও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ফোর টুয়েন্টি (৪২০)’, ‘ফু’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘দাঁড়ি ছাড়া মাঝি’সহ অসংখ্য কাজ।
ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’।
তাঁর আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে বিরাজ করছে শোকের আবহ।