ই-পেপার

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে...

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২১
৪১ ভিউ
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী!

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আয়োজনের তথ্য জানানো হয়।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার বিষয় হিসেবে রাখা হয়েছে তাঁর জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসন। এ ছাড়া প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময় এবং তাঁর নান্দনিকতা ও আত্মমর্যাদা নিয়েও লেখা চাওয়া হয়েছে।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় পর্যালোচনার ভিত্তিতে নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

এ ছাড়া খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।