ই-পেপার

নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ...

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮
২২ ভিউ
নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলটির সঙ্গে তার যোগাযোগের বিষয়টি সামনে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিনে তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হচ্ছে।

এদিকে গ্রেপ্তার হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।