ই-পেপার

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নাশকতামূলক কর্মকাণ্ড। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২১:১৫
১৯ ভিউ
১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

এসব ঘটনায় পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আলোচিত ১২ দিনে পুলিশের তিনটি স্থাপনায় আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় মোট ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে। তবে সংঘটিত মোট ঘটনার তুলনায় কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো হিসাব দেয়নি পুলিশ সদর দপ্তর।

একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গণপরিবহন, পুলিশের স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংশ্লিষ্টদের মতে, শুধু হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়; এসব ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থের উৎসও শনাক্ত করা প্রয়োজন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো কার্যক্রম চালু রয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।

কামারুম মুনিরা আরও জানান, অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না। নাশকতার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।