রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখোশ ও মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে ঘটনাস্থলে আসে। পরে তারা বোতলে থাকা দাহ্য পদার্থ মঞ্জুর গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পান। পরে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হলেও ততক্ষণে গাড়িটির একটি অংশ পুড়ে যায়।
এ ঘটনায় দেওয়া যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের হামলাকে সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। একই সঙ্গে এমন ঘটনা দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে দলটি অভিযোগ করে, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন নেতারা।
তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে সংশ্লিষ্ট শক্তি জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপও চেয়েছে দলটি।