ই-পেপার

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন।

আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫
৩৯ ভিউ
খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি কর্মসূচি রয়েছে। পাশাপাশি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নগরজুড়ে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুনে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি।

এসব চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। পাশাপাশি স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার।

তবে এবারের সফরে চোখে পড়েছে ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে স্থাপন করা তোরণ, বিলবোর্ড ও নেতা-কর্মীদের লাগানো ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে। ফলে নগরজুড়ে অতীতের মতো যত্রতত্র ব্যানার-ফেস্টুনের উপস্থিতি দেখা যাচ্ছে না। সফর ঘিরে মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরবাসী প্রস্তুত রয়েছেন।