শেয়ারবাজারে তহবিল সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে কৃত্রিম
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শেয়ারবাজারে তহবিল সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা মাত্র পাঁচ মাস আগে ইলন মাস্কের স্পেসএক্সের গড়া ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাকে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরুর কথা রয়েছে। এতে প্রায় পাঁচ বছর বয়সী প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াতে পারে ১.৫ ট্রিলিয়ন ডলারে।
বিনিয়োগকারীদের বিপুল আগ্রহের কারণে লোকসানে থাকা প্রতিষ্ঠানটি পরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। অথচ চলতি মাসের শুরুতে প্রস্তাবিত দাম ছিল ৭০ থেকে ৭৮ ডলার। ওই দামে কোম্পানিটির সর্বোচ্চ বাজারমূল্য হওয়ার কথা ছিল ১.৩ ট্রিলিয়ন ডলার। নাম প্রকাশ না করার শর্তে অ্যানথ্রপিকের এক প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে জানান, আইপিওতে চাহিদা ছিল আকাশচুম্বী। তালিকাভুক্তির আগেই বরাদ্দযোগ্য শেয়ারের বিপরীতে ১০ গুণের বেশি আবেদন জমা পড়েছিল।
দ্রুত সম্প্রসারিত এআই শিল্পের জন্য অ্যানথ্রপিকের এই তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করা প্রথম শতভাগ এআই-কেন্দ্রিক প্রতিষ্ঠান এটি। ফলে ২০২১ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করা সাত সহ-প্রতিষ্ঠাতা রাতারাতি মাল্টি-বিলিয়নিয়ার হয়ে উঠবেন।
কোডিং, লেখালেখি ও তথ্য বিশ্লেষণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অ্যানথ্রপিকের তৈরি বিভিন্ন টুলের চাহিদা বাড়ায় গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আয় হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে একই সময়ে নিট লোকসানও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে আইপিও নথিতে উল্লেখ করা হয়েছে।
ক্যানাকর্ড ওয়েলথের লিয়াহ ব্রামওয়েলের ভাষ্য, প্রাতিষ্ঠানিক ও সাধারণ—দুই শ্রেণির বিনিয়োগকারীর কাছ থেকেই শেয়ারটির প্রতি ব্যাপক আগ্রহ পাওয়া গেছে। তাঁর মতে, এতে বোঝা যায়, এআইভিত্তিক প্রতিষ্ঠানের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের অন্ধ উন্মাদনাই শুধু কাজ করছে না; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এতে আগ্রহী।
শেয়ার লেনদেন শুরুর পর চাহিদা শক্তিশালী থাকলে অ্যানথ্রপিকের বাজারমূল্য আরও বাড়তে পারে। গত জুনে নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্সের বাজারমূল্য ২.২ ট্রিলিয়ন ডলারে উঠেছিল। যদিও পরবর্তী সপ্তাহগুলোতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা কমে যায়।
বর্তমান হিসাব অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে অ্যানথ্রপিক ৮১ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করবে। পাশাপাশি এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে আরও ২৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরেই এআই চিপ কেনে এমন প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে আসছে এনভিডিয়া। এ ছাড়া চাহিদা বেশি থাকলে শেয়ার বিক্রির দায়িত্বে থাকা ব্যাংকগুলো 'গ্রিনশু অপশন' প্রয়োগ করে অতিরিক্ত শেয়ার ছাড়তে পারে। সে ক্ষেত্রে আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহের সুযোগ রয়েছে। সব মিলিয়ে তহবিলের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তত দিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ও টুলসনির্ভর একমাত্র পাবলিক কোম্পানি থাকবে অ্যানথ্রপিক। গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট এআই নিয়ে কাজ করলেও তাদের অন্যান্য প্রযুক্তিসেবাও রয়েছে। সে দিক থেকে অ্যানথ্রপিকের কার্যক্রম আলাদা।
তবে রেকর্ড গড়া আইপিও ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি ভবিষ্যৎ আয় ও মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় অ্যানথ্রপিকের ব্যবসা সেই গতিতে এগোতে পারবে কি না, সেটিই বড় প্রশ্ন। তবে তাঁর মতে, প্রযুক্তির পরবর্তী ধাপ গড়ে তোলার সক্ষমতা থাকা শীর্ষস্থানীয় এআই ডেভেলপার প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ প্রতিদিন আসে না।
ওপেনএআইয়ের সাত সাবেক কর্মী মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন ভাই-বোন দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই। দারিও আমোদেই দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, এআই টুলস অল্প সময়ের মধ্যে এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে। এ কারণে প্রতিষ্ঠানটি এআই ডেভেলপারদের প্রযুক্তির বিকাশের গতি কমানোর আহ্বান জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, যথাযথ সুরক্ষাব্যবস্থা ছাড়া উন্নত এআই ব্যবস্থা মানবজাতির জন্য 'বিপর্যয়কর' ঝুঁকি তৈরি করতে পারে।
একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল ওপেনএআইও। এআই নিরাপত্তার বিষয়গুলো সমাধানের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আসার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল। বিপরীতে অ্যানথ্রপিক দ্রুত সম্প্রসারণের পাশাপাশি শেয়ারবাজার থেকে আরও অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ডেমোক্র্যাট প্রার্থীরা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারের বিরোধিতা করায় বিনিয়োগকারীদের আশঙ্কা, এআই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।
বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল প্রধান মার্তা নর্টনের মতে, বাজারের এই অস্থিরতার মধ্যেও অ্যানথ্রপিকের আইপিও আনার সিদ্ধান্তের প্রধান কারণ অর্থের প্রয়োজন। বিবিসিকে তিনি বলেন, ’এআই খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ারবাজার সেই অর্থের প্রবাহ আরেকটু বাড়িয়ে দেয়, তাই এখনই এর উপযুক্ত সময়।’
এআই শিল্পের ব্যবসায়িক মডেল নিয়েও বৃহত্তর পরিসরে উদ্বেগ বাড়ছে। কারণ, এ খাতের প্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল, অথচ সেগুলোর সরবরাহ সীমিত। পাশাপাশি এআই কার্যক্রম পরিচালনায় বিতর্কিত ডেটা সেন্টারের প্রয়োজন হচ্ছে। এসব অবকাঠামো চালু ও পরিচালনার জন্য অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বড় অঙ্কের চুক্তিও করতে হচ্ছে।
সূত্র: বিবিসি