ই-পেপার

মেট্রোরেল প্রকল্পে কাজ পেলো ভারতের টাটা

ঢাকার মেট্রোরেল প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি অংশের নির্মাণকাজ পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস।

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৩
৫৮ ভিউ
মেট্রোরেল প্রকল্পে কাজ পেলো ভারতের টাটা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

জাপানের দুটি নির্মাণপ্রতিষ্ঠান নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে এ কাজ বাস্তবায়ন করবে ভারতীয় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যৌথ প্রতিষ্ঠানগুলোর কাছে মেট্রোরেলের ভূগর্ভস্থ ৫ দশমিক ২ কিলোমিটার অংশের নির্মাণকাজ দিয়েছে। চুক্তির আওতায় মূল অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থাপত্যের ফিনিশিং, যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং-সংক্রান্ত কাজও সম্পন্ন করা হবে।

প্রকল্পটির আওতায় ভূগর্ভে তিনটি স্টেশন নির্মাণ করা হবে। এগুলো হলো খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও বিমানবন্দর স্টেশন। এ ছাড়া মেট্রোরেল লাইনের উত্তর প্রান্তে একটি গভীর কূপ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের ঢাকা মেট্রো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর কাজ পেয়েছে তারা। নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পটিতে অর্থায়ন ও সহযোগিতা করছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে নতুন এই মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, টাটা প্রোজেক্টস ভারতের অন্যতম বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান। শিল্প স্থাপনা, পরিবহন অবকাঠামো, বিদ্যুৎ ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস।