ই-পেপার

তাহসিফের নিখোঁজ মোটরসাইকেল উদ্ধার, তদন্তে নতুন তথ্য

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্তে নতুন অগ্রগতি হয়েছে।

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫০
৪১ ভিউ
তাহসিফের নিখোঁজ মোটরসাইকেল উদ্ধার, তদন্তে নতুন তথ্য

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধান না পাওয়া তার মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল। এ সময় একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে সেটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের বলে শনাক্ত করেছেন দ্বীপ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে ঘটনার রাতে দ্বীপ ও তাহসিফের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়ে তারা ওই এলাকায় যান। পরে মোটরসাইকেল রেখে তুরাগ নদের তীরে গেলে তিনি তাহসিফকে খুঁজে পাচ্ছিলেন না। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন দ্বীপ।

অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, দ্বীপের দেখানো স্থান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে গভীর রাতে তারা কেন ওই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কারও সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার প্রকৃত রহস্য বের করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর তার মোটরসাইকেলটি নিখোঁজ থাকায় সেটির সন্ধান পাওয়া তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবার মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে তদন্তে নতুন সূত্র পেল পুলিশ।