ই-পেপার

৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজে নিকো পাজকে ফিরিয়ে আনছে রিয়াল মাদ্রিদ

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজের।

আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ২১:৫১
১৪ ভিউ
৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজে নিকো পাজকে ফিরিয়ে আনছে রিয়াল মাদ্রিদ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক


আগামী গ্রীষ্মকালীন দলবদলে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিকো পাজকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা কোমো কর্তৃপক্ষকেও জানিয়েছে তারা।

চলতি মৌসুমে কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। সিরি আতে ১০ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছেন তিনি। শুধু ঘরোয়া লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন পাজ। সেখানে চার ম্যাচে তিন গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তার।

পাজকে দলে ফেরানোর জন্য কোমোর সঙ্গে নতুন করে কোনো আলোচনা বা দর-কষাকষিতে যেতে হবে না রিয়াল মাদ্রিদকে। কারণ, গত গ্রীষ্মে এই ফুটবলারকে বিক্রির সময় চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক শর্ত যুক্ত করেছিল স্প্যানিশ ক্লাবটি। এবার সেই চুক্তির সুবিধা কাজে লাগিয়েই তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ।

এর আগে ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিকো পাজকে কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল। তারও আগে ইতালির ক্লাবটিতে এক মৌসুম ধারে খেলেছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। সেই সময় থেকেই নিজের প্রতিভা ও সামর্থ্যের মাধ্যমে নজর কাড়তে শুরু করেন তিনি।

গত গ্রীষ্মকালীন দলবদলেও পাজকে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে তখন তাকে কোমোতেই আরও কিছুদিন রাখার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। অন্যদিকে, ইতালিতে থেকে নিজের খেলার আরও উন্নতি করতে চেয়েছিলেন পাজ। তার সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তাকে কোমোতে থাকার সুযোগ দেয় মাদ্রিদ।

তবে এবার কোমোর হয়ে ধারাবাহিক সাফল্যের পর নিকো পাজকে ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে উদ্যোগী হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কাদেনা কোপার প্রতিবেদন সঠিক হলে, আগামী গ্রীষ্মেই ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে পারেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।