ই-পেপার

স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

স্পেনের টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ টানল ইংল্যান্ড। রোববার

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯
১৭ ভিউ
স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : স্পেনের টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ টানল ইংল্যান্ড। রোববার মাদ্রিদে স্বাগতিক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে থমাস টুখেলের দল। প্রতিযোগিতামূলক ফুটবলে ২০২৩ সালের মার্চের পর এটাই স্পেনের প্রথম পরাজয়।

জয়ের সুবাদে গ্রুপ ‘এ৩’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই দলেরই পয়েন্ট ১৫। ম্যাচের বড় অংশজুড়ে ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল খেলা। বিপরীতে স্পেনকে বিশ্বকাপজয়ী দলের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। তবে শেষ দিকে একজন খেলোয়াড় কম নিয়েও কঠিন লড়াই করে জয় নিশ্চিত করতে হয়েছে ইংলিশদের।

ম্যাচ শেষে আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টুখেলের কাছে জানতে চাওয়া হয়, দায়িত্ব নেওয়ার পর এটিই ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স কি না। জবাবে তিনি বলেন, 'পরিস্থিতি বিবেচনায়, প্রতিপক্ষের মাঠে তাদের বিপক্ষে যেভাবে খেলেছি, হ্যাঁ।'

নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার কথা জানিয়ে টুখেল বলেন, 'আমরা কী দিয়ে তৈরি এবং কী করতে পারি, সেটিই দেখিয়েছি।' বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পরও দল সন্তুষ্ট না থাকায় আরও ভালো করার প্রেরণা পেয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, 'আমরা সব সময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ৬০ বছরের মধ্যে আমরা বিশ্বকাপে নিজেদের সেরা ফল পেয়েছিলাম, তারপরও তাতে সন্তুষ্ট ছিলাম না। গত দুটি আন্তর্জাতিক বিরতিতে আমরা যা করেছি, তা সত্যিই প্রশংসনীয়।'

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। জাতীয় দলের জার্সিতে এটি তার ৯৩তম গোল, যা ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছে। বিরতির পরপরই এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। ৫৭ মিনিটে জুড বেলিংহামের পাস কাজে লাগিয়ে গোল করেন বেন হোয়াইট। স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে বড় ব্যবধানের এই লিড বেশিক্ষণ স্বস্তি দেয়নি ইংল্যান্ডকে। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে পেছন থেকে টেনে ধরায় পেনাল্টি পায় স্পেন। একই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এলিয়ট অ্যান্ডারসন। ফলে ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে।

পেনাল্টি থেকে গোল করে স্পেনের হয়ে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। লক্ষ্যে স্পেনের প্রথম শট থেকেই আসে গোলটি। এরপর ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ডের সেই বিপর্যয়ের স্মৃতিও ফিরে আসে।

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। ব্যবধান কমিয়ে স্পেন তখন ইংল্যান্ডের ওপর চাপ বাড়ায়। একের পর এক আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের দল।