ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
এই হারের পর দলের পারফরম্যান্স, খেলোয়াড়দের ক্লান্তি ও গোলরক্ষকের ভুল নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি বলে জানিয়েছেন ডুলি। তার পরিকল্পনা ছিল, নিজেদের মধ্যে বলের নিয়ন্ত্রণ রেখে পাসিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের শুরুতেই আক্রমণাত্মক চাপ তৈরি করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, শুরুতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। একের পর এক ভুল পাস এবং বল হারানোর কারণে পাকিস্তান দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিপক্ষের খেলোয়াড়দের গতি ও চাপ সামলাতেও সমস্যায় পড়েছে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তনের পর দলের খেলায় কিছুটা উন্নতি দেখা গেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডার কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন কোচ। বিশেষ করে কাজেমের অবদান বিবেচনায় তাকে পরিবর্তনের কথা ভাবেননি তিনি। পাশাপাশি আক্রমণভাগে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় না থাকাকেও সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন।
ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে পাকিস্তানের জয়সূচক গোলটি আসে। তবে এই হারের জন্য তরুণ গোলরক্ষককে এককভাবে দায়ী করতে নারাজ ডুলি। তার মতে, ঘরের মাঠে হাজারো দর্শকের সামনে খেলার চাপ এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হারানোর মানসিক ধাক্কা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে। গোলরক্ষকরাও মানুষ, তাদেরও ভুল হতে পারে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গতিময় ফুটবলের তুলনায় পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্সে ঘাটতি দেখা গেছে। এর পেছনে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও পর্যাপ্ত বিশ্রাম না পাওয়াকে কারণ হিসেবে দেখছেন কোচ। তার দাবি, অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছিল। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের তুলনায় কয়েক দিন বেশি বিশ্রাম পাওয়ায় শারীরিকভাবে এগিয়ে ছিল।
ডুলির মতে, ম্যাচের শেষ দিকে গোল হজম করা দলের জন্য বড় মানসিক আঘাত ছিল। বিশেষ করে দেশের মাটিতে সমর্থকদের সামনে ফাইনালে ওঠার এত বড় সুযোগ হারানোর আশঙ্কা তরুণ খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল।
এক বছর আগে একই মাঠে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর উদাহরণ টানা হলেও ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সব খেলোয়াড় একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন না।