ই-পেপার

শেখ হাসিনার সময় শেষ: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তার মতে....

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪
২৫ ভিউ
শেখ হাসিনার সময় শেষ: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শেখ হাসিনার রাজনৈতিক সময় শেষ হয়ে এসেছে। ভবিষ্যতে তার বক্তব্য শোনা গেলেও বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘ডেইলি ওয়াদ্দা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মোজেনা। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ যেন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কিংবা বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর প্রভাব ফেলতে না পারে।

মোজেনা বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া উচিত নয়। দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের মতে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতন ও দুর্ভোগের শিকার মানুষের ক্ষোভ সহজে দূর হওয়ার নয়। তবে অতীতের রাজনৈতিক বিরোধের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ বন্ধ রাখা সমীচীন হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব প্রসঙ্গে মোজেনা বলেন, বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানি বণ্টন, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা চালিয়ে যেতে হবে। এসব ইস্যু উপেক্ষা করার সুযোগ নেই।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে। ভারত থেকে তার রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনাও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে বলে মনে করেন মোজেনা। শেখ হাসিনার শাসনামল সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সরকারের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা তিনি উপলব্ধি করতে পারেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে শেখ হাসিনার সঙ্গে নিজের সম্পর্কের তিক্ততার কথাও তুলে ধরেন মোজেনা। তার দাবি, শেখ হাসিনা তাকে প্রকাশ্যেই অপছন্দ করতেন। অথচ আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় তিনি দেশের ৬৪টি জেলা সফর করতে পেরেছিলেন। এমনকি গোপালগঞ্জে শেখ হাসিনার পরিবারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরিয়ে দেখাতে তার এক আত্মীয়কেও সঙ্গে দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই অবস্থান করবেন—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানান সাবেক এই রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে কি না, সে বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি মোজেনা। তবে তার বক্তব্য, শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং নিজের মতো করে কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব বিষয় নিয়ে আটকে না থেকে বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেওয়া।