জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও সরকারি তালিকায় নাম ওঠেনি—এমন ব্যক্তিদের জন্য আবারও আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
নতুন এ উদ্যোগের ফলে আগে আবেদন করতে না পারা কিংবা এখনো গেজেটভুক্তির অপেক্ষায় থাকা আহতরা স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়ার পর যারা চিকিৎসা নিয়েছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশিত হয়নি, তারা আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের অনুলিপি, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার পক্ষে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় কিংবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর নির্ধারণ করা হয়েছে।
উপজেলা ও জেলা প্রশাসনের কার্যালয়ে জমা হওয়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে অধিদপ্তরে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। পরে সংশ্লিষ্ট আবেদন যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪২ জনের নাম গেজেটে প্রকাশিত হয়েছে। পাশাপাশি আহত হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১৪ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ‘ক’ শ্রেণিতে ৯৯০ জন, ‘খ’ শ্রেণিতে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’ শ্রেণিতে ১১ হাজার ৯৬৪ জন রয়েছেন।
অন্যদিকে, উপজেলা ও জেলা পর্যায়ে আহত আরও ৯৩১ জনের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন করে শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে পাঠানো স্থগিত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আবেদন পাঠানোর কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াও থমকে যায়।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আহতদের গেজেটভুক্তির আবেদন করার সুযোগ ফিরিয়ে আনতে নতুন করে এই উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।