জাতীয় সংসদে অধিবেশন চলাকালেও মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে অধিবেশন চলাকালেও মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। গত ৮ থেকে ১০ দিন ধরে বিভিন্ন ধরনের হুমকি পেলেও সাম্প্রতিক সময়ে তা চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহমুদা মিতু। পরে সাংবাদিকদের তিনি জানান, দেশে ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও গত দুই দিন ধরে সংসদে সন্ধ্যার বিরতির সময় প্রতিদিন একটি সংঘবদ্ধ চক্র তাকে বিকৃত ভাষায় হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
এ পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না এই সংসদ সদস্য। তার অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হচ্ছে। এর প্রভাবে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।
মাহমুদা মিতুর দাবি, এ ঘটনার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে। ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে বলেও জানান।
এসব অভিযোগের ব্যাখ্যা চাইতে ভারতীয় হাইকমিশনারকে তলব করার আহ্বান জানিয়েছেন তিনি। মাহমুদা মিতু বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সরকারকে এর জবাব চাইতে হবে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার বিষয়টিও তুলে ধরেন মাহমুদা মিতু। নিজের জন্মস্থান এলাকার এ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা তার ভাষায় লজ্জাজনক এবং সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
নিজের নিরাপত্তার জন্য একজন সংসদ সদস্যকে থানায় গিয়ে জিডি করতে হচ্ছে—এটিকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, এসব নারীও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য। তার কাছে থাকা নথির ভিত্তিতে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে অভিযোগগুলো মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী, তা জানতে চান তিনি।