বিদেশে আশ্রয় নিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা মেটেনি; বরং তা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করেও তারা গণতন্ত্রকামী মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
এ সময় শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ভারতে অবস্থান করে অনুচরদের মাধ্যমে দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এরই নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। এসব হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত কর্মসূচিতে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কবরস্থানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।