ই-পেপার

কানাডায় ২৫ কারিগরি পেশায় স্থায়ী বসবাসের সুযোগ

দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য অভিবাসনের

আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫
২৫ ভিউ
কানাডায় ২৫ কারিগরি পেশায় স্থায়ী বসবাসের সুযোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য অভিবাসনের সুযোগ বাড়াচ্ছে কানাডা। নির্মাণ, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিংসহ ২৫টি কারিগরি পেশায় অভিজ্ঞ ব্যক্তিরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এ সুযোগ নিতে বাংলাদেশ থেকেই এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় প্রক্রিয়া শুরু করা সম্ভব। তবে এজন্য কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং নির্ধারিত অভিবাসন শর্ত পূরণ করতে হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মী আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে। যেসব পেশায় স্থানীয় কর্মীর পর্যাপ্ত সরবরাহ নেই, সেসব খাতে অভিবাসন ব্যবস্থার মাধ্যমে জনবল নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে।

আইআরসিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রিতে ট্রেড অকুপেশনস ক্যাটাগরির আওতায় ২৫টি কারিগরি পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় নির্মাণকাজের ব্যয় নিরূপণকারী, নির্মাণ ব্যবস্থাপক, আবাসন নির্মাণ ও সংস্কার ব্যবস্থাপক, মেশিনিস্ট, শিট মেটাল কর্মী, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, শিল্পকারখানার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গ্যাস ফিটার, কাঠমিস্ত্রি, ক্যাবিনেট নির্মাতা, ইটের কাজের কারিগর, ভারী যন্ত্রপাতি মেরামতকারী, শীতাতপনিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন যন্ত্রের কারিগর, কংক্রিট ফিনিশার, ছাদ নির্মাণকর্মী, রংমিস্ত্রি, ফ্লোরিং ইনস্টলার, তেল ও গ্যাস খননকাজের সুপারভাইজার, মাংস প্রক্রিয়াজাতকরণ পেশার কর্মী, নির্মাণ যন্ত্রপাতি ও শিল্পকারখানার মেকানিক, ইলেকট্রিক্যাল মেকানিক, পানির কূপ খননকারী এবং অন্যান্য কারিগরি পেশা ও সংশ্লিষ্ট কর্মীরা রয়েছেন। তালিকায় আরও কয়েকটি বিশেষায়িত কারিগরি পেশাও রয়েছে। ফলে শুধু কাঠমিস্ত্রি বা প্লাম্বার নয়, অন্তর্ভুক্ত বিভিন্ন পেশার অভিজ্ঞ কর্মীরাও আবেদন করতে পারবেন।

এই ক্যাটাগরিতে বিবেচিত হতে হলে গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত ১২ মাসের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমপরিমাণ খণ্ডকালীন অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। অভিজ্ঞতা কানাডা কিংবা অন্য কোনো দেশে অর্জিত হতে পারে এবং তা একটানা হওয়া বাধ্যতামূলক নয়।

তবে এই অভিজ্ঞতাই স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয় না। আবেদনকারীকে এক্সপ্রেস এন্ট্রির তিনটি কর্মসূচির অন্তত একটির ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। এগুলো হলো ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম এবং কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস।

কারিগরি পেশায় অভিজ্ঞদের জন্য ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিকল্প। এ কর্মসূচিতে আবেদন করতে হলে গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট দক্ষ পেশায় অন্তত দুই বছরের পূর্ণকালীন অথবা সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে অন্তত এক বছরের পূর্ণকালীন চাকরির বৈধ প্রস্তাব অথবা দেশটির কোনো প্রাদেশিক, আঞ্চলিক কিংবা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দেয়া সংশ্লিষ্ট পেশার যোগ্যতার সনদ প্রয়োজন।

এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষার অনুমোদিত পরীক্ষায় নির্ধারিত মান অর্জন এবং কর্মসূচিটির অন্যান্য শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে বিদেশে অর্জিত দক্ষ কাজের অভিজ্ঞতাও গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে গত ১০ বছরের মধ্যে নির্দিষ্ট দক্ষ পেশায় অন্তত এক বছরের ধারাবাহিক বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য নির্বাচনী শর্ত পূরণ করতে হবে।

যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা

আবেদনের প্রস্তুতিতে প্রথমেই নিজের পেশার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (এনওসি) কোড শনাক্ত করতে হবে। কানাডার সরকারি ওয়েবসাইটে দেয়া পেশার দায়িত্ব ও কাজের বিবরণের সঙ্গে নিজের অভিজ্ঞতা মিলিয়ে সঠিক কোড নির্বাচন করা জরুরি।

এরপর যে অভিবাসন কর্মসূচিতে আবেদন করতে চান, সেটির যোগ্যতা যাচাই করতে হবে। ভাষাগত দক্ষতার প্রমাণ হিসেবে আইআরসিসি অনুমোদিত ইংরেজি অথবা ফরাসি ভাষার পরীক্ষায় অংশ নিতে হবে। বিদেশি শিক্ষাগত সনদ ব্যবহার করতে চাইলে অভিবাসনের উদ্দেশ্যে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট (ইসিএ) করানোর প্রয়োজন হতে পারে।

প্রাথমিক শর্ত পূরণ হলে আইআরসিসির অনলাইন অ্যাকাউন্টে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করে জমা দিতে হবে। সেখানে ব্যক্তিগত পরিচিতি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ভাষা পরীক্ষার ফলসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

প্রোফাইল জমা দেয়ার পর কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমের (সিআরএস) আওতায় আবেদনকারীকে স্কোর দেয়া হবে। বয়স, শিক্ষা, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় এই স্কোর নির্ধারণে ভূমিকা রাখে। এরপর এক্সপ্রেস এন্ট্রি পুলে থাকা প্রার্থীদের যোগ্যতা ও স্কোর বিবেচনা করে কানাডা সরকার স্থায়ী বসবাসের আবেদন জমা দেয়ার আমন্ত্রণ জানায়।

ইনভাইটেশন টু অ্যাপ্লাই (আইটিএ) পাওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে স্থায়ী বসবাসের পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়। এ সময় প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি নির্ধারিত ফিও পরিশোধ করতে হবে।

আবেদন করলেই কি স্থায়ী বসবাস নিশ্চিত?

এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি কিংবা আবেদনকারীর পুলে জায়গা পাওয়া মানেই কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিশ্চিত হওয়া নয়। যোগ্যতা, সিআরএস স্কোর এবং সংশ্লিষ্ট ক্যাটাগরির শর্ত বিবেচনা করে প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। তাই সব যোগ্য আবেদনকারী আমন্ত্রণ পাবেন, এমন নিশ্চয়তা নেই।

এ ছাড়া কানাডার বিভিন্ন প্রদেশে কিছু কারিগরি পেশায় কাজের জন্য আলাদা লাইসেন্স, দক্ষতা যাচাই কিংবা পেশাগত সনদ প্রয়োজন হতে পারে। ফলে আবেদন শুরুর আগে সংশ্লিষ্ট প্রদেশের নিয়মকানুন জেনে নেয়া গুরুত্বপূর্ণ।

এক্সপ্রেস এন্ট্রির বাইরে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো বিকল্প ব্যবস্থাও রয়েছে। তবে এসব কর্মসূচির যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া এক নয়।

তাই আবেদন করার আগে বাংলাদেশি আগ্রহীদের কানাডা সরকারের সরকারি অভিবাসন ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত যাচাই করে নেয়া উচিত।