আন্তর্জাতিক কূটনীতিতে নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবদানের স্বীকৃতি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক কূটনীতিতে নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘গণতন্ত্র পদক’ পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আন্তর্জাতিক রাজনৈতিক পরামর্শক সমিতি (আইএপিসি) তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
শনিবার স্পেনের সেভিল শহরে সংগঠনটির বার্ষিক সম্মেলনে পুরস্কারটি ঘোষণা করা হয়। পরাশক্তিগুলোর একক আধিপত্যের বাইরে মধ্যম শক্তির দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইন ও বিশ্বব্যবস্থা রক্ষায় ভূমিকার জন্য কার্নিকে এ সম্মাননা দেওয়া হয়েছে
আইএপিসির সভাপতি মার্কো রাকা এক বিবৃতিতে বলেন, বিশ্বরাজনীতিতে কার্নি দেখিয়েছেন, মধ্যম শক্তির দেশগুলো এককভাবে শক্তিশালী না হলেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব দেশ আইনের শাসন, পারস্পরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখতে সক্ষম।
এর আগে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে মধ্যম শক্তির দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান কার্নি। বড় শক্তিগুলোর প্রতিযোগিতার বাইরে গিয়ে সম্মিলিতভাবে আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প পথ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত আইএপিসি বিশ্বের রাজনৈতিক কৌশলবিদ, নির্বাচনী পরামর্শক ও জনমত বিশ্লেষকদের একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৮২ সাল থেকে গণতন্ত্রের প্রতিষ্ঠা, বিকাশ ও সুরক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘গণতন্ত্র পদক’ দিয়ে আসছে সংস্থাটি।
এ পদকের আগের প্রাপকদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার গণতন্ত্রপন্থী নেতা আলেক্সেই নাভালনি। এ ছাড়া বিভিন্ন দেশের আরও বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননা পেয়েছেন।
তবে এশিয়া সফরে থাকায় স্পেনের সম্মেলনে উপস্থিত হয়ে সরাসরি পদক গ্রহণ করা সম্ভব হয়নি মার্ক কার্নির।