ই-পেপার

বিদেশি পুঁজির জোয়ারে চাঙা ভারতের শেয়ারবাজার

নভেম্বরে বিদেশি বিনিয়োগের অভূতপূর্ব প্রবাহে ঘুরে দাঁড়িয়েছে ভারতের

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭
২২ ভিউ
বিদেশি পুঁজির জোয়ারে চাঙা ভারতের শেয়ারবাজার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নভেম্বরে বিদেশি বিনিয়োগের অভূতপূর্ব প্রবাহে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। চলতি মাসে এখন পর্যন্ত দেশটির শেয়ার কিনতে ৯৫৩ কোটি ডলার বিনিয়োগ করেছেন বিদেশিরা। এক মাসে বিদেশি বিনিয়োগের হিসাবে এটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এর প্রভাবে দেশটির প্রধান দুই শেয়ারসূচক গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক প্রবৃদ্ধির মুখে রয়েছে।

জ্বালানি তেলের দরপতন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ের উন্নতি এবং বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীদের পুঁজি সরিয়ে নেওয়ার প্রবণতা এই পরিবর্তনে ভূমিকা রেখেছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি নভেম্বরের এখন পর্যন্ত এনএসইর নিফটি ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। একই সময়ে বিএসইর সেনসেক্স সূচকের উত্থান হয়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো মাসিক পারফরম্যান্স দেখাবে ভারতের প্রধান দুই শেয়ারসূচক।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) পরিসংখ্যান বলছে, গত সোমবার পর্যন্ত নভেম্বর মাসে ভারতের শেয়ার ও বন্ডবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ডলার। এর মধ্যে ৯৫৩ কোটি ডলার এসেছে শেয়ারবাজারে।

বিশ্লেষকদের ব্যাখ্যা, আমদানিনির্ভর ভারতের জন্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া বড় স্বস্তির বিষয়। এতে আমদানি ব্যয় হ্রাস পেয়েছে, যা অর্থনীতি ও শিল্প খাতের জন্য ইতিবাচক। পাশাপাশি দেশটির তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ত্রৈমাসিক আয় ও ব্যবসায়িক ফলাফলেও উন্নতি হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে এআই খাতের শেয়ারে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করেছিলেন। বাজারটি অতিমূল্যায়িত ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কায় তারা এখন তুলনামূলক নিরাপদ উদীয়মান বাজার হিসেবে ভারতের দিকে পুঁজি সরাচ্ছেন।

এর আগে ২০২৫ সালে ভারতীয় শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলারের শেয়ার বিক্রি করে বিনিয়োগ প্রত্যাহার করেছিলেন বিদেশিরা। চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিক্রির পরিমাণে যুক্ত হয়েছিল আরও ৩ হাজার ১৪১ কোটি ডলার। সে সময় কোম্পানির শেয়ারের অতিমূল্যায়ন, এআই খাতে বিনিয়োগের সুযোগের সংকট এবং জ্বালানি তেলের চড়া দামকে বিদেশি বিনিয়োগকারীদের সরে যাওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

নভেম্বরের রেকর্ড বিনিয়োগের পর চলতি বছরে ভারতীয় শেয়ারবাজারে বিদেশিদের নিট বিক্রির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ কোটি ডলারে। ফলে এশিয়ার অন্যান্য বাজারের তুলনায় ভারতের পিছিয়ে থাকার ব্যবধান কিছুটা কমেছে। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিফটি ৫০ সূচক ৩ দশমিক ২ শতাংশ কমেছে। সেই হিসাবে এশিয়ার দুর্বল পারফরম্যান্স করা শেয়ারবাজারগুলোর তালিকায় এখনো রয়েছে ভারত।