ই-পেপার

কানাডার গ্রামীণ অভিবাসনে পিআরের নতুন সুযোগ

কানাডার বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ীভাবে বসবাসের

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১৩:৫০
৩২ ভিউ
কানাডার গ্রামীণ অভিবাসনে পিআরের নতুন সুযোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডার বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ছে দক্ষ বিদেশি কর্মীদের জন্য। পরীক্ষামূলক উদ্যোগ থেকে স্থায়ী কর্মসূচিতে রূপ নিতে যাচ্ছে দেশটির ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে।

নতুন কর্মসূচির প্রথম বছরেই ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা সরকার। এর ফলে বড় শহরকেন্দ্রিক অভিবাসনের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলেও বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের পথ উন্মুক্ত হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, এ উদ্যোগে ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ করতে পারবেন। একই সঙ্গে যোগ্য বিদেশি কর্মীরা এসব এলাকায় চাকরি পাওয়ার ভিত্তিতে স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ পাবেন। মূলত স্থানীয় কর্মীসংকট মোকাবিলা এবং গ্রামীণ জনপদে দক্ষ জনশক্তির বসতি গড়ে তোলাই কর্মসূচিটির উদ্দেশ্য।

প্রাথমিক পর্যায়ে আগের পাইলট প্রকল্পে অংশ নেয়া ১৪টি কমিউনিটিকে নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও এ উদ্যোগের আওতায় রয়েছে।

আবেদনের যোগ্যতা কী

আরসিআইপিতে আবেদন করতে আগ্রহীদের প্রথম শর্ত হলো, তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পাওয়া। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ বা সুপারিশপত্র থাকতে হবে।

কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীকে গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছর বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এর পাশাপাশি ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

পেশার ধরন অনুযায়ী ভাষাগত দক্ষতার মানও আলাদা। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন টিইইআর ০ ও ১ পর্যায়ের চাকরির জন্য কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (সিএলবি) ৬ প্রয়োজন। টিইইআর ২ ও ৩-এর ক্ষেত্রে এ মান সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ নির্ধারণ করা হয়েছে।

বিদেশে অর্জিত শিক্ষাগত সনদের সমমান যাচাইয়ের জন্য শিক্ষাগত সনদ মূল্যায়ন প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।